ভোলায় কাটা পড়বে ১০ হাজার গাছ!
ভোলায় গাছের ডালপালাসহ কাণ্ড কেটে তার ওপর দিয়ে ৩৩ কেভি (কিলো ভোল্ট) বিদ্যুতের লাইন টানানো হচ্ছে। এতে সামাজিক বনায়নের ১০ হাজার গাছ মরে যাবে বলে আশঙ্কা করছে বন বিভাগ ও উপকারভোগীরা। বিদ্যুতের তারে জড়িয়ে যেকোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে। উপকারভোগী ও বন বিভাগের পক্ষ থেকে বিদ্যুৎ বিভাগকে সারিবদ্ধ গাছ থেকে ১০ ফুট দূরে বিদ্যুতের লাইন টানানোর অনুরোধ জানানো হয়েছে। ৬৪ জন উপকারভোগী গত সোমবার একটি লিখিত অভিযোগ বন মন্ত্রণালয়, প্রধান বনরক্ষক, বরিশাল বিভাগীয় কমিশনার, ভোলার জেলা প্রশাসক, ভোলা উপকূলীয় বন কর্মকর্তাকে দেন। অভিযোগে বলা হয়, ভোলা সদর উপজেলার বিশ্ব রোডের বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড থেকে ভেদুরিয়া ব্যাঙ্কেরহাট পর্যন্ত ছয় কিলোমিটার সড়কের দুই পাশে ২০০৩-০৪ অর্থবছরে প্রায় ১২ হাজার গাছ লাগানো হয়। এর মধ্যে ১০ হাজার গাছ বড় হলেও কাটার উপযুক্ত হয়নি। কিন্তু ভোলা বিদ্যুৎ বিভাগের পাঁচ শহর প্রকল্পের আওতায় ৩৩ কেভি বিদ্যুৎ লাইন গাছের সারির ওপর দিয়ে টানানো হচ্ছে। উপকূলীয় বন বিভাগের উপপরিচালক আবু সাঈদ আলী জানান, গত বছর প্রথম যখন লাইন টানানো হয়, তখন গাছ কাটতে ও লাইন টানাতে বাধা দেওয়া হয়। তখন তারা কিছুদিন খাম্বা পোঁতা বন্ধ রাখে। কিন্তু এ বছর আবারও গাছ নিধন করে লাইন টানতে শুরু করে। এভাবে বিদ্যুতের লাইন টানালে সামাজিক বনায়নের ১০ হাজার গাছ মরে যাবে, সড়কের সৌন্দর্যহানি ঘটবে। সর্বোপরি পরিবেশের জন্য হবে বিপর্যয়কর। আর যদি বৃক্ষ বেঁচেও থাকে, তবে বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা আছে। বিদ্যুৎ বিভাগের উচিত, গাছের সারি থেকে ১০ ফুট দূরে লাইন টানা। গত মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, সড়কটির দুই পাশে রেইনট্রি, মেহগনি, বাবলা, শিরীষ, কড়ইগাছের সমাহার। ঘন বনায়ন সড়কটিতে অপূর্ব ছায়াঘেরা এক পরিবেশের সৃষ্টি করেছে। সড়কটিও মোটামুটি ফাঁকা। অবসরে অনেকে এখানে ঘুরতে আসেন। ঘন এ সামাজিক বনায়নের মধ্যেই খাম্বা পুঁতে টানানো হচ্ছে বিদ্যুতের লাইন। কোথাও কোথাও ডালপালা-কাণ্ড কাটার কারণে ছোট ছোট গাছগুলোর মাথা শুকিয়ে যাচ্ছে। উপকারভোগী আবদুর রব বলেন, ‘লাভের আশায় বড় কষ্ট করে গাছগুলো ছোট থেকে বড় করেছি। গত বছরই খাম্বা পোঁতার সময় কিছু গাছ কাটা হয়েছিল। উপকারভোগীরা তখন বাধা দেওয়ায় খাম্বা পোঁতা বন্ধ হয়। কিন্তু কাটা গাছগুলো আর বাড়েনি। বরং শুকিয়ে গিয়ে ধীরে ধীরে মরে যাচ্ছে।’ ভোলা চর সামাইয়্যা ইউনিয়নের খেয়াঘাট এলাকায় গত সপ্তাহের শেষের দিকে আবারও খাম্বা পোঁতা ও তার টানার কাজ শুরু করে বিদ্যুৎ বিভাগ। তখন প্রায় ১০০টি গাছের মাঝ বরাবর কেটে ফেলা হয় বলে দাবি করেন উপকারভোগীরা। গত রোববার উপকারভোগীরা গাছ কাটায় বাধা দেন। ভোলার জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘উপকারভোগীদের স্বাক্ষরিত একটি অভিযোগপত্র পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করে সত্যতা পেয়েছি। এ ব্যাপারে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।’ বিদ্যুৎ বিভাগ ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী জাকির হোসেন প্রথম আলোকে বলেন, সড়কের দুই পাশে বিদ্যুতের তার টানানোর বৈধতা আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ইতিমধ্যে বেশ কিছু খাম্বা পোঁতা হয়ে গেছে। ১০ ফুট দূরে পুঁততে হলে নতুন করে দরপত্র আহ্বান করতে হবে। এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ভালো বলতে পারবে