ভোলায় কারচুপির নির্বাচন আমরা মানি না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ‘ভোলা-৩ আসনে নির্বাচন কমিশনের সঙ্গে আঁতাত করে আওয়ামী লীগ ভোট ডাকাতির নির্বাচন করেছে। সেখানে সন্ত্রাসের রাজত্ব কায়েম করে বিএনপির পোলিং এজেন্টসহ বিএনপির সমর্থক ভোটারদের ভোটকেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে। কারচুপির এ নির্বাচন আমরা মানি না।’বিদ্যুৎ, গ্যাস, পানি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিসহ জনজীবনে দুর্ভোগ ও মহাজোট সরকারের দুঃশাসনের বিরুদ্ধে শেরপুর জেলা বিএনপির আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। গতকাল শনিবার বিকেলে শেরপুর শহীদ দারোগ আলী পৌর পার্ক মাঠে এ জনসভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির সভাপতি এ কে এম ছাইফুল ইসলাম।এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সাবেক মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক এ কে এম মোশাররফ হোসেন, প্রকাশনাবিষয়ক সম্পাদক জাহেদ আলী চৌধুরী, সাবেক প্রতিমন্ত্রী মো. সিরাজুল হক, সংরক্ষিত মহিলা আসনের সাংসদ নিলুফার চৌধুরী ও স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মীর শরাফত আলী। জনসভা পরিচালনা করেন জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাবেক সাংসদ মো. মাহমুদুল হক।প্রধান অতিথির বক্তব্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে গঠিত এ নির্বাচন কমিশনের সামান্য পরিবর্তন হয়নি। মুখে স্বাধীন বললেও প্রকৃতপক্ষে নির্বাচন কমিশন আওয়ামী লীগের দলীয় নির্বাচন কমিশনে পরিণত হয়েছে। তাই আমরা প্রধান নির্বাচন কমিশনারসহ কমিশনের সব সদস্যের পদত্যাগ চাই।’ তিনি বলেন, আওয়ামী লীগ ওয়াদা করে ক্ষমতায় এসে জনগণের সঙ্গে প্রতারণা করেছে। তাই আওয়ামী লীগ সরকারের ক্ষমতায় থাকার আর কোনো অধিকার নেই।বিশেষ অতিথির বক্তব্যে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, বিএনপির আমলে মানুষ শান্তিতে ছিল। তখন শিল্পে বিনিয়োগ হয়েছে। বিদেশে চাকরির সুযোগ হয়েছে। কিন্তু আওয়ামী লীগ সরকার বাংলাদেশের অর্থনীতিকে ভারতনির্ভর করে তুলেছে, যাতে এ দেশের শিল্পপ্রতিষ্ঠানগুলো ধ্বংস হয়ে যায়।