ভোলায় ক্ষতিগ্রস্ত বাঁধের কাজ শেষ হয়নি
ঘূর্ণিঝড় আইলার এক বছরেও ভোলায় ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধের নির্মাণ ও সংস্কারকাজ শেষ হয়নি। শুরুই হয়নি প্রায় ৩০০ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ, উঁচু ও ব্লকবাঁধ সংস্কারের কাজ। হচ্ছে না ভোলা রক্ষা ব্লকবাঁধ ও ৫০টি চরাঞ্চলের রিং বাঁধ। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী আফতাব উদ্দিন প্রথম আলোকে বলেন, ভোলায় প্রাকৃতিক দুর্যোগ লেগেই থাকে। আইলার পরপরই কয়েকটি উচ্চ জোয়ারে বাঁধের ব্যাপক ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ, সংস্কার এবং রিংবাঁধ ও ব্লকবাঁধ নির্মাণের প্রকল্প তালিকা ও চাহিদা পাঠানো হয়েছে। কিন্তু মন্ত্রণালয় থেকে ধীরগতিতে কাজের অনুমতি ও বরাদ্দ আসায় দ্রুত ক্ষতিগ্রস্ত বাঁধ নির্মাণ ও সংস্কার করা সম্ভব হয় না। এ ছাড়া ৩০০ কিলোমিটার বাঁধের উচ্চতা দুই ফুট বাড়ানোর প্রকল্প নিয়ে এখনো ‘স্টাডি’ চলছে। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান, ধীরগতিতে বরাদ্দ আসায় কাজও দেরিতে হচ্ছে।পাউবো সূত্রমতে, মেঘনা-তেঁতুলিয়ার তীরে আইলার আঘাত ও পরবর্তী উচ্চ জোয়ারে মোট ২৮ কিলোমিটার বন্যানিয়ন্ত্রণ বাঁধ অরক্ষিত হয়ে পড়েছে। এসব বাঁধ পুনর্নির্মাণের চাহিদা পাঠানো হলেও গত ৩১ মার্চ পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার নির্মাণের অনুমতি পাওয়া গেছে। ওই কাজের কার্যাদেশ দেওয়া হয়েছে গত ১ এপ্রিল। কিন্তু বরাদ্দ না আসায় ঠিকাদার কাজ করছেন না। এ ছাড়া ৬৭ কিলোমিটার ক্ষতিগ্রস্ত বাঁধ সংস্কারের চাহিদার বিপরীতে অনুমতি পাওয়া গেছে ১৯ কিলোমিটারের, দরপত্র আহ্বান করা হয়েছে আগামী ৩০ মে। আইলায় জেলার সাড়ে ১১ কিলোমিটার ব্লকবাঁধের প্রায় এক কিলোমিটার ক্ষতিগ্রস্ত হয়। পাউবো থেকে মন্ত্রণালয়ে এ বাঁধ সংস্কারের জন্য সাড়ে তিন কোটি টাকার চাহিদা পাঠানো হলেও গত এক বছরে কোনো বরাদ্দ আসেনি।