ভোলায় খালে বাঁধ, ১৫০০ হেক্টরে বোরো আবাদ হয়নি
ভোলা সদর উপজেলায় কালভার্ট নির্মাণের জন্য দুটি খালের ওপর তিনটি বাঁধ দেওয়ায় একটি খাল ও চারটি শাখাখাল শুকিয়ে গেছে। এতে সেচের পানির অভাবে বাপ্তা, কাচিয়া ও পূর্ব ইলিশা ইউনিয়নে প্রায় এক হাজার ৫০০ হেক্টর জমিতে চলতি মৌসুমে বোরো আবাদ করা সম্ভব হয়নি। বোরো আবাদ করতে না পারায় ওই তিনটি ইউনিয়নের প্রায় পাঁচ হাজার কৃষক ক্ষতিগ্রস্ত হয়েছেন। সরেজমিন ঘুরে ও ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে গেছে, ভোলা-ইলিশা সড়কে বাপ্তা ইউনিয়নের বোর্ডের ঘর ও বুড়ির মসজিদ এলাকায় বাপ্তা খালের ওপর দুটি কালভার্ট নির্মাণের জন্য গত ফেব্রুয়ারি মাসে বাঁধ দেওয়া হয়। এতে বাপ্তা খালের চারটি শাখাখাল শুকিয়ে গেছে। এ কারণে পানির অভাবে জুলেখার বিল, সুন্দখালীর বিল, চৌদ্দগড় বিল, হাজীরহাট বিল, চাচড়ার বিলের ৯০০ হেক্টর জমিতে বোরো আবাদ সম্ভব হয়নি। এ ছাড়া পরানগঞ্জ বাজার এলাকায় কালভার্ট নির্মাণ করার জন্য কাচিয়া খালের ওপর গত ফেব্রুয়ারিতে বাঁধ দেওয়া হয়েছে। এতে খালটি শুকিয়ে গেছে। ফলে পানির অভাবে কাচিয়া ইউনিয়নের সাহমাদার, ভবানীপুর, পরানগঞ্জ, গুরামিয়ার হাট এলাকায় প্রায় সাড়ে ৩০০ হেক্টর এবং পূর্ব ইলিশা ইউনিয়নের গুপ্তমুন্সি ও পূর্ব চর ইলিশা গ্রামের আড়াই শ হেক্টর জমিতে বোরো আবাদ হয়নি। কালভার্ট তিনটি নির্মাণ করছে সড়ক ও জনপথ বিভাগ। সড়ক ও জনপথ অধিদপ্তর, ভোলার নির্বাহী প্রকৌশলী সামসুদ্দিন আহাম্মেদ বলেন, ‘বিষয়টি আমাকে কেউ জানায়নি। এ কালভার্ট নির্মাণকাজের মেয়াদ প্রায় এক বছর। কৃষি বিভাগ আমাকে লিখিতভাবে জানালে কৃষকদের যাতে ক্ষতি না হয়, সেদিকে নজর রাখতাম।’