ভোলায় খুরারোগে মারা গেছে ৪৫টি গবাদিপশু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার সাতটি উপজেলার চরাঞ্চলে ব্যাপক হারে গবাদিপশু খুরারোগে (ফুট অ্যান্ড মাউস ডিজিজ) আক্রান্ত হয়েছে। গত এক সপ্তাহে কমপক্ষে ৪৫টি গবাদিপশু মারা গেছে বলে খবর পাওয়া গেছে।জেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, জেলার ৫০টি চরাঞ্চলসহ বিভিন্ন এলাকায় ১০ লাখের বেশি গবাদিপশু রয়েছে। খোঁজ নিয়ে জানা গেছে, সাতটি উপজেলার সবগুলো চরে খুরারোগের প্রকোপ ছড়িয়ে পড়েছে। সব মিলিয়ে এক সপ্তাহে অন্তত ৪৫টি গবাদিপশু মারা গেছে। সদর উপজেলার গণেশপুর চরের নাছির ফরাজি জানান, তাঁর ১০টি গরুর সবগুলোই খুরারোগে আক্রান্ত। এর মধ্যে গত রোববার ২২ হাজার টাকা মূল্যের একটি গরু মারা গেছে। এ পর্যন্ত তিনি স্থানীয় চিকিৎসকদের কাছ থেকে আড়াই হাজার টাকার ওষুধ খাইয়েছেন। কিন্তু কোনো উপকার পাননি। চরের তাজুল ইসলাম মাঝি (৪৫) জানান, তাঁর আটটি গরু খুরারোগে আক্রান্ত। তাঁরও একটি গরু মারা গেছে। মৃত গরুর গায়ে প্রচণ্ড জ্বর ছিল। এ ছাড়া পায়ের খুরায় ও মুখের জিহ্বায় প্রচণ্ড ঘা হওয়ায় শেষ দিকে কোনো খাবার খেতে পারেনি।দৌলতখান উপজেলার চর নেয়ামতপুরের ছিডু মাঝি জানান, গত শুক্রবার তাঁর একটি গরু মারা গেছে। গত এক সপ্তাহে এ চরে ১২টি গরু-বাছুর ও মহিষ মারা গেছে।পশু মালিক ও রাখালেরা অভিযোগ করেন, কোনো সময় কোনো সরকারি পশু চিকিৎসক গ্রামে আসেন না। যদি কাউকে শহর থেকে আনতে হয় তবে তাঁকে মোটা অঙ্কের ফি দিতে হয়। তাই বাধ্য হয়ে তাঁরা লোকজ পদ্ধতি ও স্থানীয় হাতুড়ে চিকিৎসক দিয়ে চিকিৎসা দিচ্ছেন।ভোলা সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আবদুর রাজ্জাক বলেন, ‘খুরারোগ একটি ভাইরাসজনিত রোগ। বর্ষা মৌসুমে ও চরাঞ্চলে গবাদিপশুর এ রোগ দেখা দেয়। এ রোগ নিরাময়যোগ্য। তবে সঠিক চিকিৎসা দরকার, নইলে আক্রান্ত হওয়ার পর গবাদিপশু বাঁচানো দায় হয়ে পড়ে। বেশির ভাগ ক্ষেত্রে বাছুর মারা যায়। এ জন্য ছয় মাস অন্তর টিকা (ভ্যাকসিন) দিলে গবাদিপশুর এ রোগ হয় না। জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার প্রথম আলোকে বলেন, ‘এ সময়ে (বর্ষা মৌসুম) গবাদিপশুর খুরারোগ দেখা দেয়। তবে তা মহামারি আকার ধারণ করেনি। পশুকে সঠিক সময়ে ভ্যাকসিন দিলে এ রোগ থাকবে না। কিন্তু তা করা হচ্ছে না। আর ভ্যাকসিনের দাম খুব সামান্য। ৬-১০ টাকা। যদি কোনো কর্মকর্তা বা মাঠকর্মী ভ্যাকসিন বা ওষুধের উচ্চমূল্য নেন, তবে আমার কাছে অভিযোগ দিলে কঠোর ব্যবস্থা নেব।’