ভোলায় খুরারোগে ৩৫টি গরুর মৃত্যু আক্রান্ত ২৫ হাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুরারোগে ভোলা সদর ও দৌলতখান উপজেলার পাঁচটি ইউনিয়নে ২০ দিনে ৩৫টি গবাদি পশু মারা গেছে। এ ছাড়া খুরাসহ বিভিন্ন রোগে আক্রান্ত হয়েছে ২৫ হাজার গবাদিপশু।দৌলতখানের মদনপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের চরপদ্মা গ্রামের বশির মাল জানান, এপ্রিল মাসের ৮, ৯ ও ১০ তারিখে পূর্ণিমার প্রভাবে লোনা পানিতে চরাঞ্চল প্লাবিত হয়। এই পানি নেমে যাওয়ার পর থেকে খুরারোগ, গরুর জিবে ঘা, জ্বর ও লালা ঝরার সমস্যা দেখা দিয়েছে। এভাবে তাঁর আটটি গরু আক্রান্ত হয়েছে।সরেজমিনে ২০, ২১ ও ২২ এপ্রিল ভোলা সদর উপজেলার কাচিয়া ও রাজাপুর এবং দৌলতখান উপজেলার মদনপুর ও মেদুয়া ইউনিয়নে গেলে শত শত কৃষক তাঁদের গবাদিপশুর খুরারোগসহ নানা রোগে আক্রান্ত হওয়ার বিষয় জানান।মদনপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নাছির উদ্দিন জানান, তাঁর ইউনিয়নের পাঁচ হাজার গরু খুরারোগসহ নানা রোগে ভুগছে। দৌলতখানের হাজীপুর ইউপির চেয়ারম্যান হাবিবুর রহমান ও সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের রেজাউল হক জানান, রাজাপুরে ১০ হাজার, কাচিয়ায় পাঁচ হাজার, মেদুয়ায় চার হাজার, হাজীপুরে সহস্রাধিকসহ ভোলা ও দৌলতখান উপজেলার পাঁচটি ইউনিয়নে প্রায় ২৫ হাজার গবাদিপশু খুরারোগসহ নানা রোগে আক্রান্ত হয়েছে।ক্ষতিগ্রস্ত কৃষকদের সূত্রে জানা গেছে, ২০ দিনে কাচিয়া ইউনিয়নের হেজু মাঝির একটি, জামাল উদ্দিনের একটি, হেজু লাটের একটি, লোকমান মৃধার একটি, লোকমান মালের একটি, শেখ ফরিদের একটি, মাইনুদ্দিনের একটি, হান্নান চৌকিদারের একটি, ইউসুফ মিজির একটি, শাজাহান মিস্ত্রির একটিসহ ১৫টি গরু খুরারোগে মারা গেছে। এ ছাড়া দক্ষিণ রাজাপুরের আবদুর রহিমের একটি, তাজু গোলদারের একটি, শাহে আলম মাঝির একটি, আমির হোসেন মোল্লার দুটি, সুবল সরদারের দুটি, নজির ফকিরের একটিসহ রাজাপুরের বিভিন্ন চরে ১৫টি এবং মেদুয়া, হাজীপুর ইউনিয়নে আরও পাঁচটিসহ এই পাঁচ ইউনিয়নে ৩৫টি গরু খুরারোগে মারা গেছে।ভোলা জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা প্রদীপ কুমার বলেন, ‘বিভিন্ন স্থান থেকে গবাদিপশুর খুরারোগে আক্রান্ত হওয়ার খবর পেয়েছি। এ মুহূর্তে টিকা ও ওষুধ-সংকট রয়েছে। আমরা সমস্যা সমাধান করার চেষ্টা করছি।’