ভোলায় খেতে সেচ দিতে না পেরে বিপাকে কৃষক
বিদ্যুৎসংকট ও পানি সরবরাহের খালের গভীরতা কমে যাওয়ায় ভোলার কয়েকটি উপজেলায় বোরো খেতে চাহিদা অনুযায়ী সেচ দেওয়া যাচ্ছে না। এতে ফলন ভালো হবে না বলে কৃষকেরা আশঙ্কা প্রকাশ করছেন।
বোরো খেতে পানি সরবরাহের কাজের দায়িত্ব পাওয়া কয়েকজন সেচযন্ত্র ব্যবস্থাপক জানান, ভোলার প্রতিটি খাল ভরাট হওয়ায় ভাটার সময় পানি থাকে না। এ ছাড়া সরকারি ঘোষণা অনুযায়ী ১০ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহের কথা থাকলেও তাঁরা তিন-চার ঘণ্টা বিদ্যুৎ পাচ্ছেন; তাও আবার লো-ভোল্টেজ। তাই চাহিদা অনুযায়ী পানি ওঠাতে ব্যর্থ হয়ে অনেকে পাম্প বন্ধ করে খেত ছেড়ে চলে যাচ্ছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে কর্মরত কর্মকর্তার ভাষ্য, গত মৌসুমে জেলার ৫০ হাজার ৫০ হেক্টর জমিতে বোরো আবাদ করা হয়েছে। এ মৌসুমে ৪৮ হাজার হেক্টর জমিতে বোরো আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে বোরো খেতে সেচ দেওয়ার জন্য দুই হাজার ৭৩৪টি পাম্প বসানো হয়। এ বছর সেখানে মাত্র এক হাজার ৬৭১টি পাম্প বসেছে। এর মধ্যে মাত্র ৮৬টি বিদ্যুৎচালিত ও বাকিগুলো ডিজেলচালিত।
গত সোমবার সদর উপজেলার দক্ষিণ চরপাতা গ্রামে গিয়ে দেখা যায়, অনেক খেতে পরিমাণমতো পানি নেই। পানির অভাবে অনেক খেত শুকিয়ে গেছে। ওই এলাকার মাইনুদ্দিন চাকলাদার, জাহাঙ্গীর চাকলাদার, আবুল বাশারসহ কয়েকজন কৃষক জানান, পানির অভাবে তাঁদের খেত শুকিয়ে যাচ্ছে। চারা লাগানোর শুরু থেকে বোরো খেতে প্রতিদিন সেচ দেওয়ার কথা থাকলেও পাম্প ব্যবস্থাপক তা দিচ্ছেন না।
ওই এলাকার সেচযন্ত্র ব্যবস্থাপক ইমাম উদ্দিন, ইলিয়াছ ও আবদুল মোতালেব জানান, ‘সরকার বোরো খেতে বিদ্যুৎ সরবরাহের সময় বিগত বছরের চেয়ে দুই ঘণ্টা বাড়িয়ে ১০ ঘণ্টা করেছে। কিন্তু তাঁরা তিন-চার ঘণ্টা করে পাচ্ছেন। সেচযন্ত্র ঠিকমতো চালাতে না পারায় খেতে চাহিদা অনুযায়ী পানি সরবরাহ করা যাচ্ছে না। তা ছাড়া খাল ভরাট হয়ে যাওয়ার কারণে ভাটার সময় বিদ্যুৎ থাকলেও পানি ওঠাতে পারছি না।’
সদর উপজেলার উত্তর দিঘলদী ইউনিয়নের সেচযন্ত্র ব্যবস্থাপক মনোয়ার হোসেন বলেন, তাঁরা সমিতি করে বোরো আবাদ করতেন। এ বছর বিদ্যুতের ঘাটতি, খালের নাব্যতা হ্রাস ও ধানের দাম কম হওয়ায় তাঁরা কোনো পাম্প বসাননি।
জেলা পল্লী বিদ্যুৎ সমিতির পরিচালক নজরুল ইসলাম জানান, রাত ১০টার পরে বিদ্যুতের কোনো লোডশেডিং থাকে না। তবে ভোল্টেজ একটু কম হতে পারে।
পশ্চিমাঞ্চলীয় বিদ্যুৎ সরবরাহ কোম্পানির (ওজোপাডিকো) ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. আলী বলেন, মার্চের শুরুতে ভোলায় আর বিদ্যুতের সমস্যা থাকবে না।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক শান্তিরঞ্জন মণ্ডল বলেন, ‘ভোলার চারপাশের বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ভাঙা অংশ দিয়ে পলি ঢুকে প্রায় এক হাজার ৩০০ কিলোমিটার খালের গভীরতা কমে গেছে। এ ছাড়া বিদ্যুতের লো-ভোল্টেজ ও লোড শেডিংয়ের সমস্যাও আছে। এ কারণে কৃষক খেতে পর্যাপ্ত পানি দিতে পারছেন না। আমরা দ্রুত এ সমস্যা সমাধানের চেষ্টা করব।’