ভোলায় ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের জন্য বরাদ্দ দেওয়া প্রায় আট কোটি টাকা ফেরত গেছে। প্রশাসনের গাফিলতির কারণে এমনটি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভোলা জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুল কাদের মজনু মোল্লা বলেন, বৃহত্তর স্বার্থে জেলা প্রশাসক ইচ্ছে করলে টাকাগুলো ফেরত না দিয়ে কাজে লাগাতে পারতেন। তাঁদের গাফিলতির কারণে এখন গরিব মানুষগুলো দুর্ভোগ পোহাবে।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আইন অনুযায়ী ওই টাকা ৩০ জুনের মধ্যে খরচ করতে হতো। সময়ের অভাবে খরচ করতে পারিনি, তাই ফেরত পাঠিয়ে দিয়েছি। মিথ্যা ভাউচার দেখিয়ে টাকা রেখে দেওয়া বেআইনি হতো।’জেলা হিসাবরক্ষণ কর্মকর্তা মফিজুল ইসলাম জানান, ২০ জুনের মধ্যে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তারা (পিআইও) টাকা তুলে নিলেও ৩০ জুন রাত ১২টা পর্যন্ত খরচের ভাউচার জমা দিতে পারেননি, তাই ব্যাংকের মাধ্যমে টাকা ফেরত পাঠানো হয়েছে।ভোলা সদর উপজেলার পিআইও মোজাম্মেল হক জানান, ৯ জুন মন্ত্রণালয় থেকে পাঠানো প্রথম চিঠিতে বলা হয়, ক্ষতিগ্রস্ত যাদের ঘর দেওয়া হবে, তাদের জমি থাকতে হবে। ২৬ জুন এ নিয়ম প্রত্যাহার করে ক্ষতিগ্রস্ত সবাইকে ঘর দেওয়া যাবে—এসংক্রান্ত চিঠি আসে। তাই সময়স্বল্পতা ও প্রক্রিয়া করতে দেরি হওয়ায় টাকাগুলো বিতরণ করা যায়নি।জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আবদুল ওয়াহেদ জানান, ভোলা, বরগুনা ও পটুয়াখালীর ২১টি উপজেলার ঘূর্ণিঝড় মহাসেনে ক্ষতিগ্রস্ত পরিবারের পুনর্বাসনে ৩০ কোটি টাকা বরাদ্দ আসে। এর মধ্যে ভোলার সাত হাজার নয়টি পরিবারের জন্য দেওয়া হয় আট কোটি টাকা। জেলার একমাত্র দৌলতখান উপজেলা বরাদ্দের ১৫ লাখ ৯৯ হাজার ৫২ টাকা খরচ করতে পেরেছে। অন্য ছয় উপজেলার সাত কোটি ৮৪ লাখ ৯৪৮ টাকা ফেরত গেছে। দৌলতখানের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুস্তাফিজুর রহমান বলেন, ‘৬ জুন বরিশালে বিভাগীয় কমিশনারের কক্ষে মহাসেনে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের পুনর্বাসনের টাকার খবর জানতে পেরে আমরা কাজ শুরু করি। ওই সময় তিন জেলার ২১ উপজেলার প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। আমরা জুন মাসকে মাথায় রেখে সঠিক সময়ে কাজ করেছি। এ জন্য নির্ধারিত সময়ের মধ্যে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ঘর বুঝিয়ে দিতে সফল হয়েছি।’