ভোলায় গ্যাস সংযোগের উদ্বোধন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘ভোলার গ্যাস, উদ্বৃত্ত ফসল, ইলিশসহ সবকিছুই বাংলাদেশের সম্পদ। সে সম্পদ রক্ষার দায়িত্ব সরকারের। ভোলাবাসী গ্যাসের জন্য আনন্দ করলেও তারা জোয়ারের পানিতে ভাসছে। আমরা ভোলার নদীভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেব।’ভোলায় গ্যাস সংযোগ কার্যক্রমের উদ্বোধন উপলক্ষে গতকাল বুধবার শহরের নতুন বাজার চত্বরে আয়োজিত সমাবেশের শুরুতে টেলিকনফারেন্সে ভোলাবাসীর উদ্দেশে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশের মানুষ অনেক কষ্ট করেছে। আর যেন কষ্ট করতে না হয়, আমরা সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছি। আমরা ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে সকলের সহযোগিতা চাই।’বেলা ১১টায় যুগীরঘোল এলাকায় জৈনপুর পীর হাসনাইন আহমেদ সিদ্দিকীর খানকা শরিফে গ্যাস সংযোগ দেওয়ার মধ্য দিয়ে কার্যক্রমের উদ্বোধন করেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ। তিনি ভোলা-২ আসনের (বোরহানউদ্দিন-দৌলতখান) সাংসদ।সমাবেশে তোফায়েল আহমেদ বলেন, জলবায়ু পরিবর্তনের কারণে ভোলার অধিকাংশ এখন পানির নিচে। বঙ্গবন্ধু যে বেড়িবাঁধ নির্মাণ করেছিলেন, সেই রকম উঁচু বাঁধ এখন আর হয় না। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর বলেন, ‘পুরো ভোলায় আবাসিক গ্যাস সংযোগ দিলে খরচ হবে আধা থেকে এক মিলিয়ন ঘনফুট। আমরা গ্যাস তুলতে পারব ৪৬৫ মিলিয়ন ঘনফুট। বাকি গ্যাস ভোলার বাইরে নেওয়ার অবস্থা নেই। কারণ, ভোলার চারদিকে নদী।’ বিএনপির জেলা শাখার সভাপতি গোলাম নবী আলমগীর বলেন, ‘এ দিনটির জন্য আমরা অনেক দিন অপেক্ষা করে আছি। ১৯৯৫ সালে খালেদা জিয়া গ্যাস কূপ খনন শুরু করেছিলেন, সে উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ।’ভোলা পৌরসভার মেয়র মনিরুজ্জামানের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান, সুন্দরবন গ্যাস কোম্পানির চেয়ারম্যান নুরুল ইসলাম প্রমুখ। সমাবেশ শেষে শহরে আনন্দ শোভাযাত্রা বের করা হয়।