ভোলায় গ্যাসের বড় মজুত পাওয়ার আশা বাপেক্সের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণের দ্বীপ জেলা ভোলায় প্রাকৃতিক গ্যাসের বড় মজুত আবিষ্কারের আশা করছে বাপেক্স। সংশ্লিষ্ট ভূতত্ত্ববিদ ও ভূপদার্থবিদেরা বলছেন, ভোলার শাহবাজপুরে আবিষ্কৃত ক্ষেত্রটিই ওই দ্বীপের ভূ-অভ্যন্তরে গ্যাসের একমাত্র কাঠামো নয়। দ্বীপের অন্যত্র আরও কাঠামো আছে। সেগুলো আবিষ্কারের উদ্যোগ নেওয়া হচ্ছে।পেট্রোবাংলা ও বাপেক্সের কয়েকজন ভূতত্ত্ববিদ ও ভূপদার্থবিদ বলেন, ভোলার বিদ্যমান গ্যাসক্ষেত্রটি ১৯৯৫ সালে বাপেক্স আবিষ্কার করে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের ভিত্তিতে। ওই সময় ভোলা পৌরসভাসহ সদর উপজেলার আরও কিছু এলাকায় দ্বিমাত্রিক ভূকম্পন জরিপ করার কর্মসূচি ছিল। কিন্তু শাহবাজপুরের কাঠামোটি আবিষ্কৃত হওয়ায় সবাই এ নিয়ে আনন্দে মেতে থাকেন। ইতিমধ্যে সদর উপজেলায় জরিপের জন্য নির্ধারিত অনেক স্থানে নদীভাঙন বেড়ে যায়। যোগাযোগব্যবস্থাও ছিল খারাপ। জরিপের জন্য প্রয়োজনীয় একটি গাড়ি বরিশাল থেকে ভোলায় নেওয়া হয়েছিল দুটি নৌকা পাশাপাশি একসঙ্গে বেঁধে তাতে উঠিয়ে। এ ছাড়া তখন ভোলায় গ্যাস ব্যবহারের কোনো ক্ষেত্র ছিল না। গ্যাস মূল ভূখণ্ডে আনার চিন্তাও তখন ছিল প্রায় অসম্ভব। এসব কারণে জরিপ শেষ করা হয়নি।তাঁরা বলেন, পরেও সেখানে দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের পরিকল্পনা করা হয়েছিল। পাশাপাশি শাহবাজপুরের বিদ্যমান ক্ষেত্রটিতে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোরও পরিকল্পনা করা হয়। শেষ পর্যন্ত দুটি পরিকল্পনা যুক্ত করে একসঙ্গে পুরো ভোলাতেই ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানোর কর্মসূচি নেওয়া হয়েছে।জানতে চাইলে বাপেক্সের ব্যবস্থাপনা পরিচালক এম এ বাকী প্রথম আলোকে বলেন, আগামী ডিসেম্বর মাসে সুনেত্র গ্যাসক্ষেত্রে ত্রিমাত্রিক ভূকম্পন জরিপের অবশিষ্ট কাজ শেষ করে ভোলায় ৬০০ বর্গকিলোমিটার এলাকায় একই রকম জরিপকাজ শুরু করা হবে। তাতে সেখানে গ্যাসের মজুত বাড়বে বলে আশা করা যায়।দেশের স্থলভাগের ২৩টি ব্লকের মধ্যে ভোলা ১০ নম্বর ব্লকে পড়েছে। উত্তর-দক্ষিণে বিস্তৃত এই জেলার মধ্যাঞ্চল, বোরহানউদ্দিন উপজেলার বোরহানগঞ্জ ইউনিয়নের শাহবাজপুরে বিদ্যমান গ্যাসক্ষেত্রটির অবস্থান। সরকারের হাইড্রোকার্বন ইউনিটের হিসাব অনুযায়ী, ক্ষেত্রটিতে গ্যাসের মজুত (গ্যাস ইন প্লেস) ১ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট (টিসিএফ)। এর মধ্যে নিশ্চিত ও সম্ভাব্য (পি-১ ও পি-২) মিলে মজুতের পরিমাণ ৬৬৫ বিলিয়ন ঘনফুট (বিসিএফ)। এর মধ্যে উত্তোলনযোগ্য মজুত (৭০ শতাংশ সম্ভাবনা ধরে) প্রায় ৪৬৫ বিসিএফ।মার্কিন কোম্পানি শেভরন ৭ নম্বর ব্লকসহ দক্ষিণাঞ্চলে যতটুকু অনুসন্ধানের কাজ করেছে, এর ভিত্তিতে তাদের করা হিসাব অনুযায়ী, শাহবাজপুর গ্যাসক্ষেত্রে ১ দশমিক ৩ টিসিএফ গ্যাসের মজুত থাকতে পারে।ভূতত্ত্ববিদদের ধারণা, ক্ষেত্রটিতে উত্তোলনযোগ্য গ্যাসের মজুত আরও বেশি হবে। তাঁদের এই ধারণার ভিত্তি হচ্ছে ক্ষেত্রটিতে গ্যাসের চাপ। দেশে এ পর্যন্ত আবিষ্কৃত গ্যাসক্ষেত্রগুলোর মধ্যে এই ক্ষেত্রটিতেই গ্যাসের চাপ সবচেয়ে বেশি। অন্যান্য ক্ষেত্রে যেখানে এই চাপ চার হাজার পিএসআইর (পাউন্ড পার ইঞ্চি) মধ্যে, সেখানে শাহবাজপুর ক্ষেত্রে গ্যাসের চাপ সাড়ে পাঁচ হাজার পিএসআইর বেশি।এ ছাড়া ভোলা পৌরসভাসহ সদর উপজেলার পরিকল্পিত এলাকায় ত্রিমাত্রিক ভূকম্পন জরিপ চালানো হলে সেখানেও উল্লেখযোগ্য পরিমাণ গ্যাস পাওয়ার নিশ্চিত সম্ভাবনা আছে বলে মনে করে বাপেক্স। ফলে ভোলায় গ্যাসের বড় মজুত আবিষ্কারের আশা করছে বাপেক্স।