ভোলায় জমি নিয়ে তাহের বাহিনী ও সিরাজ বাহিনীর মধ্যে বিরোধের জের ধরে বাড়িঘর ভাঙচুর ও লুটপাট চলছেই। সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের চরানন্দ গ্রাম দখল করতে সিরাজ বাহিনী ভূমিহীনদের বাড়ি থেকে উৎখাত করার জন্য এক মাস ধরে চাঁদাবাজি, ভাঙচুর, লুটপাট, নির্যাতনসহ নানা তৎপরতা চালাচ্ছে বলে এলাকাবাসীর অভিযোগ।সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) সাদিকুর রহমান বলেন, চরানন্দের জমি নদী শিকস্তি বলে তা সরকারের। কিন্তু জোতদারপক্ষ মালিকানা দাবি করে সরকারকে বিবাদী করে মামলা করেছে। ওই মামলা চলছে।ঘরবাড়ি ভাঙচুর, লুটসম্প্রতি কয়েকবার চরানন্দ গ্রামে গিয়ে জানা গেছে, নভেম্বরের শুরু থেকে গত রোববার পর্যন্ত প্রায় ১২০টি বাড়ি ভাঙচুর ও বাসিন্দাদের উৎখাত করা হয়েছে। চাঁদাবাজি হচ্ছে গ্রামের সহস্রাধিক বাড়িতেই। কোনো কোনো ঘর লুট করার পর শুধু শূন্য ভিটা পড়ে আছে। অনেক ঘরের বেড়া-চাল উঠানে ছড়িয়ে-ছিটিয়ে আছে, আসবাব লুট হয়ে গেছে। অনেক পরিবার পালিয়ে গেছে। আসবাব লুটপাটের পর এখন পুকুরের মাছ, বাগানের গাছ, খেতের ধান লুট হচ্ছে। ওই গ্রামে সুনসান নীরবতা এখনো কাটেনি। প্রতিনিয়ত গ্রামের মানুষ সিরাজ বাহিনীর হামলার ভয়ে থাকে। গত রোববার রাতে আলম চৌকিদারের বাগানের গাছ, পুকুরের মাছ, নূর ফরাজীর গাছ, রফিজুল হক মীরের গাছ, মনিরুল ইসলামের ঘরের আসবাব, কাঞ্চন মাঝির বাড়ি দখল, বেল্লালের রান্নাঘরে অগ্নিসংযোগ, তোফাজ্জল আমিনের ঘরের মালামাল লুট, মিজানুর রহমানের গরু লুট করেছে তারা।লাখ লাখ টাকা লোপাটগ্রামের ভূমিহীন আবুল কাশেম বলেন, ‘১২ বছর আগে আবু তাহেরকে ১৪ হাজার টাকা দিয়ে ২০ শতাংশ জমি কিনি। কিন্তু দলিল পাইনি। গত নভেম্বরের শুরু থেকে সিরাজ বাহিনীর সন্ত্রাসী বাদশা-রফিক ও ইউনুস পণ্ডিতের নেতৃত্বে একদল সশস্ত্র সন্ত্রাসী প্রতি রাতে হামলা চালাচ্ছে। কয়েক দিন পর পর চাঁদা দিয়ে থাকতে হচ্ছে।’ একই রকম অভিযোগ গ্রামের প্রায় কয়েক শ ভূমিহীন পরিবারের।ভূমিহীন শাজাহান মাল, সিরাজুল ইসলাম, কাজল জমাদ্দার, মুনসুর আহাম্মদসহ নদী শিকস্তির শতাধিক লোকের অভিযোগ, দক্ষিণ রাজাপুরের জমি তাঁদের পৈতৃক। এসব জমি আবু তাহের ও তাঁর সহযোগীদের কাছ থেকে উদ্ধার করতে তাঁরা এক লাখ থেকে পাঁচ লাখ টাকা পর্যন্ত দিয়েছেন।দুজনের একই জমির মালিকানা দাবিআবু তাহের বলেন, ‘আমরা ১৯৪৫-৪৬ সাল থেকে চরানন্দ গ্রামের প্রায় এক হাজার ৪০০ একর জমির মালিক। এই জমি নিয়ে সরকারের সঙ্গে আমাদের চারটি মামলা চলছে। আমরা যাঁদের কাছে জমি বিক্রি করেছি, রায় পেলেই জমির দলিল করে দেব। এখন চরানন্দ গ্রামকে দক্ষিণ রাজাপুর দাবি করে সিরাজ বাহিনী এক মাস ধরে চরানন্দের ভূমিহীন পরিবারগুলোকে উৎখাতের জন্য নেমেছে।’সিরাজ বাহিনীর প্রধান সিরাজুল ইসলাম বলেন, ‘দক্ষিণ রাজাপুরে আমাদের ৯০০ একর জমি তাহের ও তাঁর সহযোগীরা চরানন্দ বলে দখল করে রেখেছে। অথচ আমরাই ওই জমির মালিক। ওই জমি নিয়ে কয়েকটি মামলা চলছে।’ তিনি চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে বলেন, চরানন্দ গ্রামে তাঁরা লুটপাট চালাননি। প্রশাসনের বক্তব্যউপজেলা নির্বাহী কর্মকর্তা সেলিম ফকির গতকাল সোমবার বলেন, চরানন্দ ও দক্ষিণ রাজাপুরের সীমানা নির্ধারণ করলেই আশা করি সমস্যা সমাধান হবে। দু-এক দিনের মধ্যে সেটা হয়ে যাবে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুজ্জামান বলেন, সন্ত্রাসীরা কিছু হামলা, লুটপাটের চেষ্টা করছে। কিন্তু পুলিশ থাকায় সেটা পারছে না।