ভোলায় ঘরমুখো মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় বাসশ্রমিক ও ব্যাটারিচালিত অটোরিকশার চালকদের মধ্যে ১৫ দিন ধরে দ্বন্দ্ব ও সংঘাত চলছে। যাত্রী ওঠানো নিয়ে তাঁদের মধ্যে এ দ্বন্দ্বের সূত্রপাত হয়েছে। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থান থেকে ঈদ উপলক্ষে ভোলায় আসা যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।জানা গেছে, ঈদ উপলক্ষে যাত্রীরা ঢাকাসহ বিভিন্ন জেলা থেকে নদী ও সড়কপথে ভোলায় আসছে। ভোলা খেয়াঘাট লঞ্চঘাট, তুলাতলি লঞ্চঘাট, ভেদুরিয়া লঞ্চঘাট, ইলিশা বিশ্বরোড লঞ্চঘাট, দৌলতখান বীরশ্রেষ্ঠ লঞ্চঘাট ও ভেদুরিয়া এবং ইলিশা ফেরিঘাট হয়ে সড়কপথে আসা যাত্রীদের গন্তব্যস্থলে যেতে হয়। এসব লঞ্চ ও ফেরিঘাট থেকে কমপক্ষে এক কিলোমিটার দূরে বাসস্ট্যান্ড। যাত্রীদের এসব স্থান থেকে রিকশা, অটোরিকশা ও টেম্পোতে বাসস্ট্যান্ডে এসে বাসে উঠতে হয়। এ কারণে তারা এসব যানবাহনে গন্তব্যে যায়। কিন্তু বাস মালিক সমিতি টেম্পো ও ব্যাটারিচালিত অটোরিকশা চলতে বাধা দিচ্ছে।চট্টগ্রাম থেকে আসা সদর উপজেলার চৌদ্দগড় গ্রামের জাহাঙ্গীর আলম বলেন, ‘ঈদ উপলক্ষে আমরা পরিবারসহ বাড়িতে আসি। এ জন্য অটোরিকশায় লঞ্চঘাট থেকে বাড়ি পর্যন্ত চলে যেতে পারি। এতে অনেক সুবিধা।অটোরিকশার মালিক হেলাল উদ্দিন জানান, ১৫ দিন ধরে বাসশ্রমিকেরা ভোলা-ইলিশা সড়কে অটোরিকশা চালাতে দিচ্ছে না। এর প্রতিবাদে গত বৃহস্পতিবার অটোরিকশার চালকেরা এই সড়ক অবরোধ করলে এক ঘণ্টা সড়কে যানবাহন চলাচল বন্ধ থাকে। পরে পুলিশ এসে লাঠিপেটা করলে অটোরিকশার চালকেরা অবরোধ তুলে নেয়। ভোলা জেলা টেম্পো ও ব্যাটারিচালিত রিকশা মালিক সমিতি ৭ নভেম্বর এ ব্যাপারে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছে।ভোলা জেলা টেম্পো ও ব্যাটারিচালিত অটোরিকশা মালিক সমিতি ৯ নভেম্বর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে। এ সময় লিখিত বক্তব্যে সংগঠনের পক্ষ থেকে অভিযোগ করা হয়, বাস মালিক সমিতির সন্ত্রাসীরা টেম্পো ও ব্যাটারিচালিত অটোরিকশা শহরের বাইরে চালাতে দিচ্ছে না। ওই সন্ত্রাসীরা এ পর্যন্ত ২৫টি অটোরিকশা ভাঙচুর করেছে এবং কমপক্ষে ৫০ জন চালককে পিটিয়েছে। এতে অটোরিকশার চালকদের আয় করার পথ বন্ধ হয়ে গেছে। এ সমস্যা থেকে তাঁরা মুক্তি চান।জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম জানান, ঈদে ঘরে ফেরা যাত্রীরা যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের এ ব্যাপারে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। চালকদের মারধর ও অটোরিকশা ভাঙচুরের ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।ভোলা বাস মালিক সমিতির সাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন চালকদের মারধর ও অটোরিকশা ভাঙচুর এবং টেম্পো ও অটোরিকশা চলাচলে বাধা দেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।