ভোলায় ঘরে ফেরা যাত্রীরা ছিনতাইকারীদের কবলে
ঈদ উপলক্ষে ঢাকা থেকে ভোলায় আসা লঞ্চযাত্রীরা ছিনতাইয়ের শিকার হচ্ছে। ভোলা শহরের ১০ স্থানে গত কয়েক দিনে ১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। যাত্রীদের নিরাপত্তার জন্য পুলিশ কোনো ব্যবস্থা নিচ্ছে না বলে অভিযোগ পাওয়া গেছে।রিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা চালক ও ছিনতাইয়ের শিকার কয়েকজন যাত্রী জানান, ঢাকা থেকে ছেড়ে আসা লঞ্চগুলো মধ্যরাতে ভোলার ঘাটে যাত্রীদের নামিয়ে দেয়। এরপর ঘাট থেকে বাড়ি ফেরার সময় ছিনতাইয়ের ঘটনা ঘটে। ১৪ আগস্ট রাত চারটায় ভেদুরিয়া ৪ নম্বর ওয়ার্ডের খেয়াঘাট ব্রিজের পশ্চিম পাশে দালালবাড়ীর নিজাম হক ও তাঁর বোন রাবেয়া বেগম ছিনতাইকারীদের কবলে পড়েন। নিজাম হক দাবি করেন, ওই রাতে তাঁদের ৭০ হাজার টাকার মালামাল ছিনতাই হয়েছে। একই রাতে চারজনের প্রায় দুই লাখ টাকার মালামাল ছিনতাই হয়।অটোরিকশার চালকেরা জানান, ভোলা সদরের বিশ্বরোডের বিএনপি বাজার, খেয়াঘাট সেতুসংলগ্ন মোল্লাবাড়ী, বিসিক শিল্পনগর এলাকা, কালীখোলা, ব্যাংকের হাটবাজার, বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল বাসস্ট্যান্ড এলাকা, বাপ্তা বোর্ডের ঘর, পশ্চিম ইলিশা মোল্লা ব্রিজ, ঘুইংগারহাট, বাংলাবাজারসহ বেশ কিছু এলাকায় ছিনতাইকারীরা ওত পেতে থাকে।ছিনতাইয়ের কবলে পড়া বাপ্তা বিসিক এলাকার অটোরিকশার চালক সাদী ও রিকশাচালক রুহুল আমিন জানান, ঈদ উপলক্ষে ছেড়ে আসা লঞ্চগুলো রাত ১২টা থেকে ভোর পাঁচটায় ভোলা লঞ্চঘাটে ভিড়ছে। ছিনতাইকারীরা চালকদের মারধর করে অস্ত্র ঠেকিয়ে যাত্রীদের ছিনতাই করছে। গত কয়েক দিনে কমপক্ষে ১২টি ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। রাতের বেলা পুলিশের টহল না থাকায় ছিনতাইকারীরা সাহস পাচ্ছে। ভোলার পুলিশ সুপার বশির আহমদ দাবি করেন, ‘ছিনতাইয়ের ঘটনা বাড়ায় আমরা পুলিশের টহল বৃদ্ধি করেছি। তাদেরকে শহর ও গ্রামের বিভিন্ন স্থানে মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রাত ১২টার পর ভাড়ায়চালিত মোটরসাইকেল চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’