ভোলায় চলতি মাসে সাতটি মোটরসাইকেল চুরি
ভোলায় একের পর এক মোটরসাইকেল চুরি হচ্ছে। শুধু চলতি মাসেই সাতটি মোটরসাইকেল চুরি হয়েছে। চুরির ভয়ে মালিকেরা দিনের বেলায়ও মোটরসাইকেলে তালা দিয়ে রাখছেন।স্থানীয় সাংবাদিক নাসির লিটন জানান, ১৭ জানুয়ারি দুপুর ১২টার দিকে তাঁর কার্যালয়ের সামনে থেকে চোরেরা তালা ভেঙে একটি মোটরসাইকেল নিয়ে গেছে। কিন্তু পুলিশ এখনো সেটির হদিস করতে পারেনি। একই দিনে বোরহানউদ্দিন উপজেলার আলাউদ্দিন নামের এক ব্যক্তির মোটরসাইকেল লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন থেকে চুরি হয়।১৮ জানুয়ারি রাতে চোরেরা স্থানীয় দৈনিক বাংলার কণ্ঠ-এর সাংবাদিক তছির আহমেদের আলীনগরের বাড়ির লোহার ফটক কেটে একটি মোটরসাইকেল চুরি করে।২২ জানুয়ারি রাতে সদর উপজেলার আলগী এলাকা থেকে শিক্ষক মজিবুর রহমানের একটি মোটরসাইকেল চুরি হয়। ২৩ জানুয়ারি গ্রামীণ জন উন্নয়ন সংস্থার একটি মোটরসাইকেল শান্তির হাট এলাকা থেকে চুরি হয়।গত মাসের শেষ দিকে লোহার ফটক কেটে ভোলা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আবদুল গনির মোটরসাইকেলটি নিয়ে যায় চোরেরা।চরফ্যাশন উপজেলা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জানান, ২১ জানুয়ারি তাঁদের চালকদের দুটি মোটরসাইকেল চুরি হয়েছে। লালমোহন উপজেলা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি জাকির পঞ্চায়েত বলেন, গত বছর তাঁদের চালক রিয়াজ, শাজাহান ও ফারুকের তিনটি মোটরসাইকেল চুরি হয়েছে।তজুমদ্দিন উপজেলা ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক সমিতির সভাপতি মো. কবির জানান, গত বছর তাঁদের চালকদের দুটি মোটর সাইকেল চুরি হয়েছে।অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান বলেন, ‘আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং চোর-ছিনতাইকারীদের ধরার জন্য আমরা নিয়মিত টহল ও তল্লাশি বাড়িয়েছি। তবে অনেক চুরি-ছিনতাইয়ের খবর পুলিশের খাতায় রেকর্ড হচ্ছে না। এতে কাজ করতে সমস্যা হচ্ছে।’