ভোলায় চাঁদা না দেওয়ায় হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদা না দেওয়ায় ভোলা-ইলিশা ফেরিঘাটে হামলা চালিয়ে চারজন ট্রাকচালকের কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। কয়েকজন পরিবহনশ্রমিক টাকাগুলো ছিনিয়ে নিয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। হামলায় চারজনই আহত হয়েছেন। গত শুক্রবার বিকেলে এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিরা হলেন: ট্রাকচালক মো. তুহিন (৩০), মো. সবুজ (৪০), মো. সিরাজুল ইসলাম (৪৫) ও মো. ইসমাঈল (২৮)। তাঁদের সবার বাড়ি বরিশালে। আহত ব্যক্তিদের মধ্যে তুহিনকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদের ভোলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। এ ঘটনায় সিরাজুল ইসলাম বাদী হয়ে শনিবার ভোলা সদর থানায় একটি মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পুলিশ বেল্লাল নামের একজনকে গ্রেপ্তার করেছে।আহত ট্রাকচালকেরা জানান, ২১ এপ্রিল তুহিন, সবুজ, সিরাজুল ও ইসমাঈল বরিশাল থেকে তরমুজ নিয়ে চট্টগ্রাম যাচ্ছিলেন। ওইদিন ইলিশা ফেরিঘাটে পরিবহনশ্রমিক বিল্লাল, বশির, মালেক, কামাল, খোরশেদ আলমসহ কয়েকজন ট্রাকপ্রতি ২০০ টাকা করে চাঁদা দাবি করেন। কিন্তু তাঁরা চাঁদা না দিয়ে চট্টগ্রাম চলে যান। শুক্রবার বিকেলে ফেরার পথে ইলিশা ফেরিঘাটে পৌঁছালে ওই সন্ত্রাসীরা তাঁদের বেধড়ক পিটিয়ে ৯০ হাজার টাকা নিয়ে যান। পরে ইলিশা তদন্ত কেন্দ্রের পুলিশ ও স্থানীয় ব্যক্তিরা ওই চালকদের উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে ভর্তি করে।বরিশাল বিভাগীয় ট্রাক শ্রমিক ইউনিয়নের ১ নম্বর শাখার সভাপতি নাছির উদ্দিন জানান, ভোলা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের নামে ভোলা ভেদুরিয়া, ইলিশা ফেরিঘাটসহ পুরো জেলায় চাঁদাবাজি করছেন লিটনসহ দুজন লোক। আসলে তাঁরা কোনো শ্রমিক সংগঠনের সঙ্গে জড়িত নন। সারা দেশে ট্রাকশ্রমিকের মাসিক চাঁদা ১০ থেকে ২০ টাকা। কিন্তু ভোলায় ট্রাক ঢুকলেই ২০০ টাকা করে দিতে হয়। এ সমস্যা সমাধানের জন্য ব্যবস্থা নিতে ভোলা জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লিখিতভাবে জানানো হয়েছে। কিন্তু কোনো প্রতিকার হয়নি।ভোলা জেলা ট্রাক, ট্যাংকলরি, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক মো. লিটন ভোলা জেলায় চাঁদাবাজি করার অভিযোগ অস্বীকার করেছেন। তিনি জানান, বিল্লালসহ কয়েকজন শ্রমিক ইউনিয়নের সদস্য। তাঁরা শ্রমিক ইউনিয়নের নামে রশিদ দিয়ে ট্রাকপ্রতি ২০০ টাকা করে তোলেন। শুক্রবার ওই টাকা দিতে অস্বীকার করায় ফেরিঘাটে কয়েকজন ট্রাকচালকের সঙ্গে তাঁদের কথা-কাটাকাটি হয়েছে। সেখানে মারধর ও টাকা ছিনিয়ে নেওয়ার কোনো ঘটনা ঘটেনি।ভোলা সদর থানার ওসি সোহরাব আলী বলেন, ‘ঘটনার তদন্তের জন্য মামলা নিতে একটু দেরি হয়েছে। আমরা একজনকে গ্রেপ্তার করেছি।’