ভোলায় চোখ উৎপাটিত সাত জলদস্যুর মধ্যে দুজনের মৃত্যু
ভোলার চরফ্যাশনে চোখ উৎপাটিত হওয়া সাত জলদস্যুর মধ্যে দুজন মারা গেছেন। স্থানীয় বাসিন্দারা উপজেলার কলমী বাবুর হাট থেকে অস্ত্রসহ আরও পাঁচ জলদস্যুকে পিটিয়ে পুলিশে সোপর্দ করেছেন।উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সিদ্দিকুর রহমান বলেন, বুধবার রাত সাড়ে ১১টার দিকে পুলিশ নয়জন জলদস্যুকে হাসপাতালে আনে। তাঁদের মধ্যে লোকমান (৩৫) নামের জলদস্যু পথিমধ্যেই মারা গেছেন। বাকি আটজনের একজন মোতাহার (৩০) হাসপাতালে মারা গেছেন। অন্য সাতজনের অবস্থা গুরুতর। তাঁরা হচ্ছেন রুহুল আমিন (৪০), আ. রহমান (৩৫), নুরনবী (৩৫), আবদুল মান্নান (৪৫), আবদুস শহিদ (৩০), নূর মোহাম্মদ (৪৫) ও লুৎফুর রহমান। নিহত দুজনের লাশ ভোলায় ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রিয়াজ হোসেন বলেন, সাগর মোহনায় বুধবার ডাকাতির খবর পেয়ে পুলিশ সেখানে টহল দিচ্ছিল। জেলেদের হাতে ডাকাত ধরা পড়েছে শুনে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই বিক্ষুব্ধ জনতা ডাকাতদের চোখ তুলে ফেলেছে। এ সময় আটক হওয়া ডাকাতদের কাছ থেকে একটি কাটা রাইফেল, একটি বন্দুক, একটি পিস্তল, একটি ম্যাগাজিন, ২১টি কার্তুজসহ একাধিক দেশীয় অস্ত্র উদ্ধার করেছে।