ভোলায় ছাত্রদের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষে একজন নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সরকারি কলেজের ছাত্রদের সঙ্গে বাসশ্রমিকদের সংঘর্ষে মোমেন (১২) নামের এক শ্রমিক নিহত এবং ৩৮ ছাত্র, ১৪ শ্রমিক, পাঁচ যাত্রী ও তিন পুলিশ সদস্য আহত হয়েছে। ছাত্রদের অর্ধেক (হাফ) ভাড়া দেওয়াকে কেন্দ্র করে গতকাল রোববার দুপুরে ওই সংঘর্ষ শুরু হয়।পুলিশ সূত্র জানায়, সংঘর্ষ চলাকালে বাস চালিয়ে ছাত্রদের ধাওয়া করলে একটি গাড়ির নিচে চাপা পড়ে গুরুতর আহত হয় মোমেন। চিকিৎসার জন্য বরিশালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এরপর বিক্ষুব্ধ শ্রমিকেরা গ্রিল কেটে কলেজে ঢুকে গবেষণাগার, ক্যানটিন ও কয়েকটি শ্রেণীকক্ষের দরজা-জানালা ভাঙচুর এবং কয়েকজন ছাত্রকে মারধর করেন। এ সময় পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনাস্থলে বর্তমানে বিপুলসংখ্যক পুলিশ ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সদস্য মোতায়েন করা হয়েছে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ভোলা সরকারি কলেজের মাস্টার্স শেষ বর্ষের একজন ছাত্র চরফ্যাশন থেকে বাসযোগে কলেজে এসে হাফ ভাড়া দিলে তাঁর সঙ্গে শ্রমিকদের বাগিবতণ্ডা হয়। শ্রমিকেরা এ সময় ওই ছাত্রকে মারধর করেন। খবর পেয়ে ভোলা সরকারি কলেজের ক্ষুব্ধ ছাত্ররা দুপুর দুইটার দিকে শহরের পিটিআই বাসস্ট্যান্ড এলাকায় সড়ক অবরোধ করেন। বিষয়টি নিয়ে বাস মালিক সমিতির একটি কক্ষে ছাত্র ও পুলিশের উপস্থিতিতে বাস মালিক সমিতির বৈঠক হয়। এ সময় শ্রমিকেরা রড ও লাঠিসোঁটা নিয়ে ছাত্রদের ওপর আকস্মিক হামলা চালান। ভোলা সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আখতার বলেন, ‘আমাদের স্নাতকোত্তর শ্রেণীর একজন ছাত্রকে শ্রমিকেরা মারধর করে। ওই ঘটনার প্রতিবাদে ছাত্ররা শান্তিপূর্ণ অবরোধ করে সমঝোতা বৈঠকে বসেন। শ্রমিকেরা পরিকল্পিতভাবে নিরীহ ছাত্রদের ওপর অতর্কিত হামলা চালায় এবং ছাত্ররা পালাতে চাইলে বাসচাপায় হত্যার চেষ্টা করে।’ বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আবুল কালাম ও সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম বলেন, ছাত্রদের দাবি মেনে নিলেও তারা ১২টি বাস ভাঙচুর ও অগ্নিসংযোগ এবং নগদ ৫০ হাজার টাকা ছিনতাই করে। ভোলা সদর থানার ওসি সোহরাব আলী বলেন, এ ঘটনায় কোনো পক্ষই এখন পর্যন্ত মামলা করেনি।