ভোলায় ছাত্রলীগের বিক্ষোভ, সড়ক অবরোধ, ভাঙচুর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সরকারি কলেজ ছাত্রলীগের নবগঠিত কমিটি বাতিলের দাবিতে গতকাল সোমবার দিনভর বিক্ষোভ করেছেন পদবঞ্চিত নেতা-কর্মীরা। এ সময় কলেজের সামনের সড়ক অবরোধ ও গাড়ি ভাঙচুর করা হয়। কলেজ সূত্র জানায়, তৈয়বুর রহমানকে সভাপতি ও মার্শেলকে সাধারণ সম্পাদক করে রোববার রাতে কলেজ ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করে জেলা কমিটি। এ ঘটনায় বিক্ষুব্ধ হয়ে ওঠেন পদবঞ্চিত নেতা-কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে পদবঞ্চিত নেতা মহিন-মেহেদি-জাহিদের নেতৃত্বে কয়েক শ নেতা-কর্মী লাঠিসোঁটা নিয়ে কলেজে অবস্থান নেন। একপর্যায়ে তাঁরা শিক্ষার্থীদের বের করে দিয়ে কলেজের বিভিন্ন শ্রেণীকক্ষে তালা ঝুলিয়ে দেন। সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা টায়ারে আগুন ধরিয়ে দিয়ে কলেজের সামনে ভোলা-চরফ্যাশন সড়ক অবরোধ করেন। এ সময় অন্তত তিনটি টেম্পো ভাঙচুর করা হয়। সন্ধ্যার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নিলেও রাত পৌনে আটটায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত শহরে বিক্ষোভ মিছিল চলছিল। কলেজ ছাত্রলীগের আন্দোলনকারী নেতাদের দাবি, সম্পূর্ণ অগণতান্ত্রিকভাবে অছাত্রদের নিয়ে নতুন কমিটি গঠন করা হয়েছে। কলেজ ছাত্রলীগের সভাপতি পদপ্রত্যাশী ও বাণিজ্য বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র নাছির উদ্দিন মহিন অভিযোগ করেন, জেলা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক টাকা খেয়ে এ কমিটি গঠন করেছেন। কোনো সম্মেলন না ডেকে অগণতান্ত্রিক পদ্ধতিতে যাঁদের সভাপতি-সম্পাদক করা হয়েছে তাঁদের কেউই ভোলা কলেজের ছাত্র নন। তবে নবগঠিত কলেজ ছাত্রলীগের সভাপতি তৈয়বুর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা ভোলা কলেজের ছাত্র। যাঁরা সভাপতি-সম্পাদক হতে পারেননি তাঁরা বিরোধিতার কারণেই বিরোধিতা করছেন।’ জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন দাবি করেন, নীতিমালা মেনেই কমিটি গঠন করা হয়েছে। যাঁরা বাদ পড়েছেন, তাঁদের জেলা কমিটিতে রাখার ইচ্ছা আছে। ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বের আলী প্রথম আলোকে বলেন, কলেজের পরিস্থিতি তাঁদের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে। জেলা আওয়ামী লীগের নেতাদের বিষয়টি জানানো হয়েছে। জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আবদুল মমিন বলেন, কোনো সম্মেলন না ডেকে কমিটি দেওয়ায় এ সমস্যা হয়েছে। বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।