ভোলায় জনজীবন প্রায় স্থবির
টানা তিন দিন ধরে বিদ্যুৎ না থাকায় ভোলায় মানুষের ভোগান্তি চরমে পৌঁছেছে। খাওয়া-দাওয়া, ঘুম, গোসলসহ স্বাভাবিক জীবনযাত্রা যেন থমকে গেছে। হাসপাতালে চিকিৎসাসেবা ও কলকারখানায় উৎপাদন ব্যাহত হচ্ছে। রেফ্রিজারেটরে রাখা মাছ-মাংস ও শাকসবজি পচে যাওয়ার উপক্রম হয়েছে। ভোগান্তি সহ্য করতে না পেরে মানুষ পথে নেমে আন্দোলন শুরু করেছে। এ দুরবস্থার জন্য তাঁরা বিদ্যুৎ বিভাগের কর্মকর্তাদের দায়ী করেছেন।বিদ্যুৎ না থাকায় ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন ও চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ১০টি হাসপাতালে আনুমানিক ৫০০ রোগী ভোগান্তি পোহাচ্ছে। গতকাল সোমবার সদর হাসপাতালে গিয়ে দেখা যায়, শৌচাগারে পানি নেই। দুর্গন্ধে রোগীরা বমি করছে। বৈদ্যুতিক পাখা না চলায় গরমে রোগীরা হাঁসফাঁস করছে। রোগীর স্বজনেরা দূর থেকে পানি এনে গোসলসহ নানা ধরনের কাজ করছেন।সিভিল সার্জন ফরিদ আহমেদ জানান, সব হাসপাতালে জেনারেটর নেই। কিছু হাসপাতালে জেনারেটর থাকলেও ডিজেলের অভাবে সেগুলো চালানো যাচ্ছে না। বারবার লেখা সত্ত্বেও স্বাস্থ্য মন্ত্রণালয় জেনারেটর ও ডিজেলের বরাদ্দ দিচ্ছে না। ফলে রোগীরা ভোগান্তি পোহাচ্ছে। এ ছাড়া রেফ্রিজারেটরে রাখা শিশুদের টিকাসহ নানা ধরনের ওষুধ নষ্ট হয়ে যাচ্ছে। বিদ্যুৎ না থাকায় ভোলায় ব্যাটারিচালিত ১০ হাজার রিকশা ও ইজিবাইক বন্ধ হয়ে গেছে। এ সুযোগে রিকশা, নছিমন ও টেম্পুভাড়া চার-পাঁচ গুণ বাড়িয়ে দিয়েছেন চালকেরা। লঞ্চঘাটের যাত্রী নজরুল ইসলাম, আবিদুল আলম, সফিউল ইসলাম অভিযোগ করেন, ভোলা শহর থেকে লঞ্চঘাট পর্যন্ত আগে অটোরিকশার ভাড়া জনপ্রতি ১৫ ও রিকশাভাড়া ৫০ টাকা ছিল। এখন রিকশাচালকেরা ভাড়া নিচ্ছেন ১০০-১২০ টাকা। যানবাহনের পাশাপাশি জেনারেটরের ভাড়াও বেড়েছে। আগে এক দিনে একটি জেনারেটরের ভাড়া ছিল এক হাজার টাকা। এখন তা বেড়ে দুই-তিন হাজার টাকা হয়েছে।দৌলতখান উপজেলার আবু আবদুল্যাহ কলেজের প্রভাষক কামরুল ইসলাম ভোলা শহরে বাস করেন। বিদ্যুৎ না থাকায় তাঁর বাসার রেফ্রিজারেটরে রাখা রাখা মাছ-মাংস পচতে শুরু করছে। গতকাল বেলা ১১টায় তিনি বরফ কিনতে ভোলা শহরের কালীনাথ রায়ের বাজারে আসেন। তিনি জানান, বাজারে বরফের দাম দ্বিগুণ হয়ে গেছে। আগে ২০ টাকায় যে পরিমাণ বরফ পাওয়া যেত, তা এখন ৫০ টাকায় বিক্রি হচ্ছে।ভোলা সদর উপজেলার বরফকল মালিক নাসির উদ্দিন জানান, ৭০ টাকা ডিজেলের লিটার। এ জন্য জেনারেটর দিয়ে বরফ উৎপাদন করতে বেশি খরচ হচ্ছে। এ কারণে বেশি দামে বরফ বিক্রি করতে হচ্ছে। স্থানীয় লোকজন বিদ্যুৎ সরবরাহের দাবিতে গত রোববার রাতে বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) ভোলা কার্যালয়ের সামনে ও হাটখোলা মসজিদ প্রাঙ্গণে বিক্ষোভ করেছে। বিক্ষোভ শেষে এক প্রতিবাদ সভায় ভোলা প্রেসক্লাবের সাবেক সভাপতি আবু তাহের ও নাগরিক কমিটির সদস্যসচিব এস এম বাহাউদ্দিন বলেন, রেন্টাল বিদ্যুৎ উৎপাদনকেন্দ্র গত পাঁচ বছরে ৫০ বার বিকল হয়েছে। এ কারণে ভোলার বাসিন্দাদের ভোগান্তি পোহাতে হচ্ছে। এ ব্যাপারে পিডিবি সব সময় নীরব থেকেছে। পিডিবি ভোলা কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী এস এম নজরুল ইসলাম বলেন, ‘ভোলায় দুর্যোগ বেশি। এ জন্য আমরা চেষ্টা করা সত্ত্বেও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে পারছি না। আশা করি, এ সমস্যা থাকবে না। এখানে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের কাজ শুরু হয়ে গেছে। চুক্তি অনুযায়ী ২৪ এপ্রিল থেকে ৫৩০ দিনের মধ্যে ১৫০ মেগাওয়াট চালু করবে চীনা ঠিকাদারিপ্রতিষ্ঠান।’ বৈদ্যুতিক কেবলে ত্রুটি ও বিদ্যুৎ উৎপাদনকেন্দ্রের জেনারেটর বিকল হয়ে যাওয়ায় গত শনিবার থেকে ভোলার ছয় উপজেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এ নিয়ে গতকাল সোমবার প্রথম আলোতে একটি প্রতিবেদন ছাপা হয়েছে।