ভোলায় জমির দখল নিয়ে সংঘর্ষ আহত শতাধিক
ভোলায় জমির দখল নিয়ে দুই পক্ষের কয়েক দফা সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হয়েছেন। গতকাল রোববার দক্ষিণ দিঘলদী ইউনিয়নের চেয়ারম্যান ইফতারুল ইসলাম স্বপন ও বাঘমারা চরের নেতৃত্বে থাকা সিডু মেম্বারের লোকজনের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে শতাধিক ব্যক্তি আহত ও ব্যাপক লুটপাট হয়েছে বলে দুই পক্ষ দাবি করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, গতকাল সকাল নয়টার দিকে ১০টি ইঞ্জিন নৌকায় করে আনসার সরদার, বাসেত সরদার, বাসু মাতব্বর প্রমুখের নেতৃত্বে চরে হামলা হয়। সিডু মেম্বারের লোকজন পাল্টা হামলা করলে দুই পক্ষের সংঘর্ষে শতাধিক ব্যক্তি আহত হন। তাঁদের মধ্যে হারেছ মোল্লা (৭০), হজরত আলী (৫৫) ও সুমন (২৩) নামের তিনজনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। সিডু মেম্বার বলেন, ‘আমাদের ১৯৫ জন লোক চরের ৭৬২ একর ১২ শতাংশ জমির মালিক। ১৯৫৭ সালে জমিদারের নিকট প্রজাপত্তনে ডিক্রিবলে মালিক হয়েছি। সরকার ওই জমি ভূমিহীনদের দিলে আমরা মামলা করে জিতি। এখন ইউপি চেয়ারম্যান স্বপন তার সন্ত্রাসীদের দিয়ে ওই জমি দখলের চেষ্টা করছে। হামলাকারীরা চরের কৃষকদের দুই শতাধিক গবাধিপশু, ৯০ মণ ধান, ১০টি পাম্প, চারটি পাওয়ার টিলার, নগদ টাকাসহ ঘরবাড়ি, দোকানপাট লুট করে।’চেয়ারম্যান স্বপন বলেন, ‘এ চরের জমি সরকারের। স্থানীয় ভূমিহীনদের দখলে ছিল চরটি। কিন্তু ভূমিদস্যু সিডু গং কৃষকদের হটিয়ে জমি দখল করে। গতকাল সাধারণ কৃষকেরাই সিডুর লোকজনকে প্রতিহত করে। এখানে আমার কিছু নেই।’ এদিকে জমি বন্দোবস্ত পাওয়া ভূমিহীন মিজানুর রহমান বলেন, ‘আমাদেরকে সরকার ১৯৭৩-৭৪ সালের দিকে এ জমি বন্দোবস্ত দেয়। কিন্তু সিডু মেম্বার মিথ্যা মামলা করে জমির মালিকানা পায়। এখন তারা ক্ষমতার জোরে ভোগদখল করছে।’ ভোলা সদর থানার উপপরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, চরের জমি সরকারের। সিডু মেম্বার এর মালিকানা দাবি করছেন। আবার সাধারণ কৃষকদের একটি পক্ষও দাবি করছে। এ নিয়েই সংঘর্ষ। সিডু মেম্বারের পক্ষ মামলার প্রস্তুতি নিচ্ছে।