ভোলায় জলচর পরিযায়ী পাখি শুমারি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় জলচর পরিযায়ী পাখিশুমারি শুরু হয়েছে। গত সোমবার ভোরে ভোলা খালের খেয়াঘাট থেকে পাখিপর্যবেক্ষক ইনাম আল হকের নেতৃত্বে একটি শুমারি দল ট্রলারে যাত্রার মাধ্যমে কার্যক্রম শুরু করে। ২৬ জানুয়ারি পর্যন্ত সাত দিন দলটি পাখি গুনবে।
প্রতিবছরের মতো ‘বাংলাদেশ বার্ড ক্লাব’ এবারও এই শুমারি আয়োজন করেছে। শুমারি দলের সঙ্গে আছে চ্যানেল আইয়ের প্রকৃতি ও জীবন ফাউন্ডেশনের একটি দল।
পাখিবিশেষজ্ঞ ইনাম আল হক প্রথম আলোকে বলেন, বাংলাদেশের মধ্যে ভোলায় সবচেয়ে বেশি জলচর পরিযায়ী পাখি আসে; যা মোট পাখির প্রায় ৬০ ভাগ। এ অঞ্চলে অনেক বিপন্ন পাখি দেখা যায়। তিনি আরও বলেন, সারা পৃথিবীতে প্রতিবছর পাখিশুমারি হয়, ভোলায় পাখিশুমারি তারই অংশ।
পাখিশুমারি দলের সমন্বয়কারী ও বাংলাদেশ বার্ডস ক্লাবের সচিব এভারেস্ট-বিজয়ী এম এ মুহিত জানান, ভোলার চারপাশের মেঘনা-তেঁতুলিয়া, ইলিশা, বুড়া গোরাঙ্গ নদ ও সাগর মোহনার মধ্যে জেগে ওঠা চরে সাত দিন ঘুরে জলচর পাখি গণনা করা হবে।