ভোলায় জলচর পাখি শুমারি শুরু
জলচর অতিথি ও দেশি পাখির অন্যতম বিচরণক্ষেত্র দ্বীপ জেলা ভোলায় শুরু হয়েছে পাখি গণনার কাজ। আট দিনব্যাপী (১৩-২০ জানুয়ারি) এ গণনার কাজ চলার কথা রয়েছে। এ উদ্দেশ্যে ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে গতকাল শুক্রবার ভোরে ‘উপকূলীয় জলচর পাখি শুমারি দল’-এর নৌকাটি ছেড়ে যায়। দলটির নেতৃত্ব দিচ্ছেন পাখি পর্যবেক্ষক ইনাম আল হক। সার্বিক ব্যবস্থাপনায় আছেন পাখি পর্যবেক্ষক ও পর্বতারোহী এম এ মুহিত। দলে আরও আছেন এস এম এ রশিদ, ইশরাত জেবিন, তানিয়া খান, মুনির আহমেদ, ইন্দ্রনীল কিশোর, আফতাবুর রহমান ও এনায়েত হোসেন। ইনাম আল হক জানান, ১৯৮৭ সাল থেকে উপকূলীয় অঞ্চলে এস এম এ রশিদের নেতৃত্বে পাখিশুমারি শুরু হয়। তিনি আরও বলেন, ভোলা একটি জীববৈচিত্র্যময় অঞ্চল। এখানে দেশের সবচেয়ে বেশি জলচর অতিথি ও দেশি পাখি বিচরণ করে। প্রতিবছর এখানে ৪০ থেকে ৫০ প্রজাতির অতিথি পাখি আসে। এসবের মধ্যে রয়েছে জিরিয়া, বাটান ও হাঁস প্রজাতির পাখি। এ ছাড়া দেশি পাখির মধ্যে রয়েছে বক, গাঙচিল, গাঙ কবুতর প্রভৃতি। এম এ মুহিত জানান, নয় সদস্যের শুমারি দলটি ইঞ্জিনের নৌকায় চর জহিরুদ্দিন, মনপুরা, নিঝুম দ্বীপ, দমার চর, ভাষানচর, কুকরি-মুকরি প্রভৃতি দুর্গম চরে গণনাকাজ চালাবে। পাখিরা সাধারণত দল বেঁধে থাকে। এক দলেরটা অন্য দলে ভেড়ে না। দলের নেতৃত্বে থাকে একজন নেতা-পাখি। এসব দিকে নজর রেখে দূরবীক্ষণ যন্ত্রের সাহায্যে শুমারি চালানো হয়। এস এম এ রশিদ বলেন, বিশ্বের বিপন্ন জলাশয়গুলোর প্রাকৃতিক সম্পদ রক্ষায় প্রতিবছরই এ সময়টায় স্বেচ্ছাশ্রমে প্রায় সব দেশেই জলচর পাখি গণনা চলে।