ভোলায় জলদস্যু, শরীয়তপুরে চাঁদাবাজ আতঙ্কে জেলেরা
ভোলার সাগর মোহনা মেঘনায় জলদস্যুরা গত দুই মাসে অর্ধশতাধিক হামলা চালিয়ে জেলেদের মাছ, জাল, নৌকা ও মালামাল লুটে নিয়েছে। হাতিয়ার জাহাজমারার ‘মুন্সিয়া বাহিনী’ ও চরফ্যাশন ঢালচরের ‘কমান্ডার বাহিনী’ এসব হামলার সঙ্গে জড়িত বলে জেলেরা অভিযোগ করেছেন। এদিকে পদ্মা ও মেঘনার শরীয়তপুর অংশে প্রায় প্রতিদিনই জেলে নৌকা থেকে চাঁদাবাজি হচ্ছে। কিন্তু জলদস্যু ও চাঁদাবাজদের প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কার্যকর কোনো পদক্ষেপ নিচ্ছে না।ভোলার জেলে ও মত্স্য ব্যবসায়ীদের অভিযোগ, গত শুক্রবার ভোরে লালমোহনের মঙ্গল শিকদার এলাকায় সামসুদ্দিন মিয়ার একটি ইঞ্জিন নৌকা জলদস্যুদের কবলে পড়ে। জলদস্যুরা ১২ জেলেকে নদীতে ফেলে নৌকার ইঞ্জিন, মাছ ও জাল লুটে নেয়। গত ২৪ ফেব্রুয়ারি চরফ্যাশন ও নিঝুম দ্বীপের সীমান্ত মেঘনা থেকে আব্দুর রহমান, খোরশেদ আলম ও আবুল কালামের নৌকায় হামলা চালিয়ে প্রায় চার লাখ টাকার ইলিশ লুট করে জলদস্যুরা। গত সপ্তাহে চরফ্যাশন বেতুয়া মাছ ঘাট থেকে বাবুল মাঝির ইঞ্জিন নৌকা লুট করেছে ‘মুন্সিয়া বাহিনী’র সদস্যরা।মনপুরা উপজেলার ইঞ্জিন নৌকার মালিক মাকসুদ অভিযোগ করেন, গত ২৯ জানুয়ারি ভোররাতে জাহাজমারার চর মেঘনায় মুন্সিয়া বাহিনী হামলা চালিয়ে তিনটি মাছধরা নৌকা লুট করে। এ সময় জলদস্যুরা ২২ জেলেকে পিটিয়ে নদীতে ফেলে দেয়। গত ১৫ ফেব্রুয়ারি বিকেলে ঢালচরের ভাষান চর এলাকায় সশস্ত্র জলদস্যুরা চার-পাঁচটি নৌকা নিয়ে জেলেদের ওপর হামলা চালায়। একই দিন আলতাফ, হারুন, ইমাম হোসেন, মো. আলীর নৌকাসহ ২৪টি নৌকায় হামলা চালিয়ে জাল ও মাছ লুটে নেয় তারা। জেলেদের অভিযোগ, প্রতিটি ইঞ্জিন নৌকার দাম কমপক্ষে ১৫-২০ লাখ টাকা। জলদস্যুরা এগুলো লুট করে ৫০ হাজার থেকে দেড় লাখ টাকা দাবি করে। গত সপ্তাহে জলদস্যুদের হাতে লুট হওয়া চরফ্যাশনের বাবুল মাঝির নৌকাটি এক লাখ ২০ হাজার টাকার বিনিময়ে ও মত্স্য ব্যবসায়ী মিন্টু লাটের নৌকাটি ৯০ হাজার টাকার বিনিময়ে ছাড়িয়ে আনা হয়। মনপুরার মত্স্য ব্যবসায়ী অলি আহম্মেদ অভিযোগ করেন, ‘মুন্সিয়া বাহিনী ও কমান্ডার বাহিনীর তাণ্ডবে জেলেরা নদীতে নৌকা নিয়ে নামতে পারছেন না। এসব জলদস্যু নদীর মাঝে জেগে ওঠা ম্যানগ্রোভ বনে আস্তানা গেড়ে থাকে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ব্যাপারে কোনো পদক্ষেপ নেয় না।’ কোস্টগার্ড দক্ষিণাঞ্চলের অপারেশন অফিসার সাইদুজ্জামান প্রথম আলোকে জানান, জলদস্যুদের ধাওয়া করলে তারা বনে গিয়ে আশ্রয় নেয়। সেখানে অভিযান চালানোর নিয়ম কোস্টগার্ডের নেই। ভোলার পুলিশ সুপার এস এন মো. নজরুল ইসলাম জানান, অন্য জেলা থেকে এসে জলদস্যুরা হামলা চালিয়ে চলে যায়। ফলে এদের সহজে ধরা যায় না। শরীয়তপুরের গোসাইরহাট, ভেদরগঞ্জ, নড়িয়া ও জাজিরা উপজেলার ওপর দিয়ে পদ্মা ও মেঘনা নদী প্রবাহিত হয়েছে। গোসাইরহাট উপজেলার কুচাইপট্টি ইউনিয়ন থেকে জাজিরার নাওডোবা ইউনিয়ন পর্যন্ত ১৩০ কিলোমিটার নৌপথ রয়েছে। এ এলাকায় প্রতিদিন প্রায় দেড় হাজার নৌকায় করে নদীতে মাছ ধরেন জেলেরা। ডাকাত ও চাঁদাবাজেরা ইঞ্জিন নৌকা নিয়ে প্রতি রাতে জেলেদের কাছ থেকে টাকা নিয়ে যায়। প্রতিটি জেলে নৌকা থেকে ৩০০-৫০০ টাকা করে চাঁদা নেয় তারা। গোসাইরহাটের চর জালালপুর এলাকার জেলে শুকুর মিয়া (৪৫) বলেন, ‘জীবিকার তাগিদে ঝড়, তুফান তুচ্ছ করে নদীতে মাছ ধরি। স্থানীয় প্রভাবশালী একটি চক্র প্রতি রাতে এসে আমাদের কাছ থেকে চাঁদা নিয়ে যায়। প্রতি রাতেই তাদের ৩০০ টাকা দিতে হয়।’ভেদরগঞ্জ উপজেলার স্টেশন বাজার এলাকার জেলে রফিকুল (৩৫), হাসান (৪০) ও রেজাউল (২৮) জানান, সন্ত্রাসীরা এসে বলে, ‘আমাদের সীমানায় মাছ শিকার করতে হলে চাঁদা দিতে হবে। এর প্রতিবাদ করলে মারধর করে জাল ছিনিয়ে নেয়।’ শরীয়তপুরের পুলিশ সুপার এ কে এম শহিদুর রহমান জানান, শরীয়তপুরে মাত্র একটি নৌ পুলিশ ফাঁড়ি দিয়ে এত দীর্ঘ নৌপথে নিয়মিত টহল দিতে হিমশিম খেতে হয়। [প্রতিবেদনটি তৈরিতে সহায়তা করেছেন নেয়ামতউল্যাহ, ভোলা ও সত্যজিত্ ঘোষ, শরীয়তপুর]