ভোলায় জলদস্যুদের গুলিতে জেলে নিহত ১৫ জন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার চরফ্যাশন সাগরমোহনায় জলদস্যুদের গুলিতে এক জেলে নিহত ও ১৫ জন আহত হয়েছেন। গত মঙ্গলবার রাতে চরফ্যাশন থেকে প্রায় ২০০ কিলোমিটার পূর্ব-দক্ষিণে সাগরমোহনায় এ ঘটনা ঘটে। আহত ব্যক্তিদের মধ্যে ছয়জনকে গুলিবিদ্ধ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তাঁদের সবার বাড়ি উপজেলার নুরাবাদ ইউনিয়নে।পুলিশ ও চিকিৎসাধীন জেলেরা জানান, আবদুল মালেকের মালিকানাধীন এফবি নাজমা, এফবি নাজমা-২ ও এফবি মায়ের দোয়া নামের তিনটি ট্রলার নিয়ে চরফ্যাশনের নুরাবাদ ঘাট থেকে গত শনিবার তাঁরা রাঙ্গাবালী সোনার চর সাগরে মাছ ধরতে যান। সেখান থেকে মঙ্গলবার হাতিয়ার দিকে যাওয়ার পথে সোনার চর ও হাতিয়ার মধ্যবর্তী উপকূল সাগরে জলদস্যুদের হামলার শিকার হন। এফভি নাজমার মাঝি সিদ্দিক জানান, জলদস্যুরা তিনটি ট্রলারের তেল, মাছ, ইঞ্জিনসহ সব মালামাল লুট করে নেয়। এ সময় গুলিতে রুবেল (৩০) নামে এক জেলে ঘটনাস্থলেই নিহত হন। নিহত রুবেল গলাচিপা উপজেলার কপালভেড়া ইউনিয়নের চর শিবা গ্রামের পশুর ঢালীর ছেলে। চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরউদ্দিন মল্লিক জানান, জলদস্যুরা হামলা করেছে উপজেলার বাইরে। গুলিতে রুবেল নামে একজন নিহত হয়েছেন। আহতদের ছয়জন হাসপাতালে রয়েছেন। এ ঘটনায় সিদ্দিক মাঝি নামে এক জেলে বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন।