ভোলায় জেলেদের জন্য বরাদ্দ চাল বাটোয়ারা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় জেলেদের পুনর্বাসন কর্মসূচির চাল প্রকৃত জেলেদের না দিয়ে আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে ভাগ-বাটোয়ারা করে দেওয়ার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনাকে কেন্দ্র করে গত দুই দিন ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের জনতা বাজারে জেলে এবং ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। এতে চাল বিতরণ কর্মসূচি স্থগিত করা হয়েছে।গতকাল সোমবার দুপুরে পুলিশের উপস্থিতিতে চাল বিতরণে নিযুক্ত সমন্বয়কারী ও জেলা আওয়ামী লীগের ক্রীড়া সম্পাদক রুহুল আমিন ও তাঁর দলবল প্রায় পাঁচ হাজার কেজি চাল নিয়ে ভোলায় আসতে গেলে স্থানীয় জেলেদের তোপের মুখে পড়েন। ওই সময় রুহুল আমিন বলেন, ‘জেলেদের চাল জেলেরা নিয়েছে। ওই চাল আমার নয়। আমাকে বিরোধী পক্ষ ষড়যন্ত্র করে ফাঁসাচ্ছে।’ ভোলা সদর উপজেলা মৎস্য কার্যালয় সূত্রে জানা গেছে, সরকারের পক্ষ থেকে এ বছর সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের এক হাজার ৮১০ জন জেলেকে ফেব্রুয়ারি থেকে মে পর্যন্ত প্রতি মাসে মাথাপিছু ৩০ কেজি করে চাল দেওয়ার কথা ছিল। গত রোববার ওই চাল বিতরণ শুরু হয়।রাজাপুর ইউনিয়নের জেলেরা অভিযোগ করেন, সাত মাস পর জেলেদের জন্য বরাদ্দ করা চাল বিতরণ শুরু হলেও প্রকৃত জেলেদের চাল না দিয়ে তা বিতরণ করা হচ্ছে স্থানীয় আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে। যাদের চাল দেওয়া হয়েছে তারাও প্রত্যেকে প্রতি মাসের জন্য ৩০ কেজি করে চাল পাননি। জেলেরা দাবি করেন, তাঁদের মাত্র ২০ কেজি করে চাল দেওয়া হয়েছে। বাকি চাল লোপাট করা হয়েছে।রাজাপুর ইউনিয়নের আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন জমাদার জানান, জেলা আওয়ামী লীগের এক নেতা ও তাঁর দলবল গত দুই দিনে প্রায় পাঁচ হাজার কেজি চাল নিয়ে গেছে। স্কুলশিক্ষক, হত্যা মামলার আসামি, ইউনিয়ন পরিষদের সদস্যরা ও তাঁদের লোকজন চাল পেয়েছেন। অথচ জেলেরা চাল পাননি। তাই জেলেদের সঙ্গে সুবিধাবাদীদের ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে।ঘটনার সত্যতা স্বীকার করে চাল বিতরণ তদারকের দায়িত্বে থাকা সদর প্রাথমিক শিক্ষা কর্মকর্তার প্রতিনিধি রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক মো. ইউনুস বলেন, ‘আমি কি করব?’ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সেলিম ফকির বলেন, ‘ঘটনা সত্যি হলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’