ভোলায় জোয়ারের পানিতে ডুবছে ঘরবাড়ি
ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে শুক্র ও শনিবার দুই দিনে ভোলার নদ-নদীগুলোতে অস্বাভাবিক জোয়ার বৃদ্ধি পাওয়ায় জেলার প্রায় লক্ষাধিক পরিবার জোয়ারের সময় পানিবন্দী হয়ে পড়ছে। জোয়ারের পানিতে ডুবে ভোলা সদরে এক শিশুর মৃত্যু এবং চরফ্যাশনে বিদ্যালয়ে যাওয়ার পথে সাত শিশু গুরুতর আহত হয়েছে।
এ ছাড়া বৃহস্পতিবার থেকে আজ শনিবার পর্যন্ত তিন দিনে পাঁচ শতাধিক পরিবারসহ মেঘনা তীরের ১৫ বর্গ কিলোমিটার এলাকা ভাঙনে বিলীন হয়েছে।
শুক্রবার ও শনিবার সরেজমিনে দেখা যায়, অস্বাভাবিক জোয়ারের কারণে ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের উত্তর রাজাপুর, ইলিশা নাদরমিয়ারহাট, পাঙ্গাশিয়া, কাচিয়া মাঝের চর, শিবপুর, দৌলতখান উপজেলার মদনপুর, নেয়ামতপুর, মেদুয়া, ভবানীপুর, সৈয়দপুর, হাজিপুর, তজুমদ্দিন, মনপুরা ও চরফ্যাশন উপজেলার ৫০টি গ্রামের লক্ষাধিক পরিবার জোয়ারের সময় পাঁচ থেকে ছয় হাত পানির নিচে চলে যাচ্ছে। এসব এলাকায় ভাঙনও বেড়েছে।
সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জহিরুল ইসলাম বলেন, গত তিন দিনের ভাঙনে কাশেম মৃধা, আব্দুর রহিম মৃধা, আবুল বেপারী, সিডু মেম্বার, জাহাঙ্গীর জমাদ্দার, মোস্তফা মাতব্বর, শিমুল পালওয়ান, খায়ের পালওয়ান, মরু আখন্দের বাড়িসহ ১৫০টি বাড়ি মেঘনায় বিলীন হয়েছে।
মদনপুর ইউনিয়নের গ্রাম পুলিশ জাহাঙ্গীর হোসেন ও সমাজসেবক লুৎফুর রহমান পাটওয়ারী বলেন, তাঁদের ইউনিয়নের সব রাস্তাঘাট জোয়ারে ডুবে যাচ্ছে। ইউনিয়নের পাঁচ হাজার মানুষ টঙে উঠে বসে থাকে। জোয়ার নামলে নিচে নামে। ভেসে যাচ্ছে হাঁস-মুরগি গবাদি পশু ও পুকুরের মাছ। একই উপজেলার বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় সৈয়দপুর ইউনিয়নের পরিবারগুলোকে পানিবন্দী হতে হচ্ছে।
উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বলেন, পানিবন্দী পরিবারগুলো ঘরে মাঁচার ওপর গবাদি পশুর সঙ্গে বসবাস করছে। অনেকের কাঁচাঘর ধসে পড়ছে। গৃহহীন অনেক পরিবার খোলা আকাশের নিচে বাস করছে। অনেক পরিবার রান্না করতে পারছে না। এসব পরিবারের সরকারি ও বেসরকারিভাবে ত্রাণ দরকার। দরকার পুনর্বাসনের।
চরফ্যাশন উপজেলার দুর্গম ইউনিয়ন কুকরি-মুকরি ইউনিয়নের চরপাতিলা শরীফপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কাশেম বলেন, তার বিদ্যালয়ে প্রায় ৩২০ জন ছাত্রছাত্রী। কিন্তু বিদ্যালয়ে আসতে ২০-২৫টি সাঁকো পাড় হতে হয়। গতকাল শনিবার বিদ্যালয়ে আসা ছাত্রদের ছুটির পরেই জোয়ার এসে পড়ে। জোয়ারের উচ্চতা বৃদ্ধি পাওয়ায় সুমাইয়্যা, রিমা, ইমা, জাভেদ, সালমা, শান্তা ও ফারজানা নামের সাতটি শিশু ভেসে যায়। পরে তাদের দক্ষিণ আইচা গণস্বাস্থ্য হাসপাতালে ভর্তি করা হয়।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) ভোলা ও চরফ্যাশন অফিস সূত্র জানায়, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সৃষ্ট উচ্চ জোয়ার ও পানির দমায় (ঢেউ) ভোলা সদর, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, লালমোহন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার মেঘনার প্রায় ১৫ বর্গ কিলোমিটার জমি মেঘনায় বিলীন হয়েছে। এসব জমিতে বসবাস করা ৫০০ পরিবারও বিলীন হয়েছে।
ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মনোয়ার হোসেন বলেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা হচ্ছে। প্রতিবেদন পেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।