ভোলায় ঝড়ে ৩০০ ঘর বিধ্বস্ত আহত ২০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলায় গতকাল রোববার ঝড়ে তিন শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। ঘর চাপা পড়ে আহত হয়েছেন ২০ জন। তাঁদের স্থানীয়ভাবে চিকিৎসা দেওয়া হচ্ছে। আহত ব্যক্তিদের মধ্যে হাবিবা নামের আড়াই বছরের এক শিশুর অবস্থা গুরুতর।

জানা গেছে, ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা, রাজাপুর ও পশ্চিম ইলিশা ইউনিয়নের ওপর দিয়ে গতকাল সন্ধ্যায় সাত-আট মিনিটের ঝড়-বৃষ্টিতে তিন শতাধিক কাঁচা ঘরবাড়ি বিধ্বস্ত হয়। কয়েক হাজার গাছপালা ভেঙে পড়ায় উত্তর রাজাপুর ও দক্ষিণ রাজাপুরের রাস্তাঘাট বন্ধ রয়েছে।

রাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য দুলাল সাজি বলেন, তাঁর এলাকায় দুই শতাধিক ঘর বিধ্বস্ত হয়েছে। এ সময় ঘর চাপা পড়ে সেন্টু হাওলাদার, হারুন, হাবিবাসহ ২০ জন আহত হন। একই এলাকার শাহে আলম খাঁ জানান, ঝড়ে ক্ষতিগ্রস্ত লোকজন এখন খোলা আকাশের নিচে অবস্থান করছেন। বিভিন্ন এলাকায় শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। রাজাপুর, সুলতানী, রামদাসপুর, জনতা বাজার, ভোলা খাল, বিশ্বরোড, চডারমাথা মাছ ঘাট থেকে অর্ধশতাধিক মাছ ধরার নৌকা ভেসে গেছে।