ভোলায় ট্রলারডুবি, ৬ লাশ উদ্ধার
ভোলার মনপুরা উপজেলায় মেঘনা নদীতে যাত্রীবাহী একটি ট্রলার ডুবে গেছে। এ ঘটনায় চার শিশুসহ ছয়জনের লাশ উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন ১৫-২০ জন। নিখোঁজ যাত্রীদের উদ্ধারে অভিযান চলছে।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে পৌনে ১২টার দিকে ট্রলারডুবির ঘটনাটি ঘটে। ট্রলারডুবির কারণ স্পষ্ট নয়। স্থানীয়দের ভাষ্য, ট্রলারটি আনুমানিক ৬০-৬৫ জন যাত্রী ছিল।
মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হানিফ শিকদার বেলা দুইটার দিকে প্রথম আলোকে বলেন, এ পর্যন্ত ছয়জনের লাশ উদ্ধার হয়েছে। এর মধ্যে চারটি শিশু, দুজন নারী। সাঁতার কেটে তীরে ওঠা ১৫-২০ জন মনপুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছে।
নিহত দুই নারী হলেন—আয়েশা (৬৫) ও জেসমিন (২২)। নিহত চার শিশু হলো—রুপা, রনি, তানজু ও তাহমিনা। তাদের বয়স তিন বছরের মধ্যে।
পুলিশ ও এলাকাবাসীর ভাষ্য, ট্রলারটি উপজেলার মনপুরা ইউনিয়নের কলাতলীচর থেকে রামনেওয়াজ যাচ্ছিল। পথে মেঘনা নদীতে ট্রলারটি ডুবে যায়।
নিখোঁজ যাত্রীদের খোঁজে পুলিশ ও কোস্ট গার্ডের সদস্যরা অভিযান চালাচ্ছেন বলে জানিয়েছেন মনপুরা থানার ওসি হানিফ শিকদার।