ভোলায় ঠিকাদারদের দুই পক্ষে পাল্টাপাল্টি ধাওয়া

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের প্রায় তিন কোটি টাকার কাজের দরপত্র দাখিলে বাধা দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারদের দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া হয়েছে। গত সোমবার দরপত্র জমা দেওয়ার শেষ দিনে কালিনাথ বাজার মোল্লাপট্টি এলাকার আওয়ামী লীগ সমর্থিত ঠিকাদারের পক্ষ সওজ কার্যালয়ে দরপত্র দাখিল করতে গেলে যুগিরঘোল এলাকার আওয়ামী লীগ সমর্থিত আরেক ঠিকাদারের পক্ষ বাধা দেয়। পরে উভয় পক্ষের মধ্যে হট্টগোল, উত্তেজনা ও ধাওয়া-পাল্টাধাওয়া হয়। উদ্ভূত পরিস্থিতিতে দরপত্র দাখিল করতে গিয়ে তোপের মুখে পড়েন বিএনপি সমর্থিত তিনজন ঠিকাদার। তাঁরাও দরপত্র দাখিল করতে পারেননি বলে অভিযোগ করেছেন। পরে ভোলা থানা থেকে অতিরিক্ত পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।ভোলার সওজ সূত্র জানায়, সাত গ্রুপে প্রায় তিন কোটি টাকার সড়ক নির্মাণকাজের দরপত্র বিক্রির শেষ তারিখ ছিল গত রোববার। ভোলা-বরিশালসহ বিভিন্ন দপ্তর থেকে দরপত্রের ফরম বিক্রি হয়। সোমবার সকাল সাড়ে ১১টা পর্যন্ত দরপত্র জমা দেওয়ার শেষ সময় ছিল। বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মাইনুর রহমান অভিযোগ করেন, তিনি দরপত্র জমা দিতে গেলে যুগিরঘোল এলাকার আওয়ামী লীগ সমর্থিত কিছু ঠিকাদার ও নেতা-কর্মী তাঁদের দরপত্র জমা দিতে বাধা দেন। নির্বাহী প্রকৌশলীর কক্ষে ঢোকার সময় তাঁর দরপত্র টেনে ধরেন। তিনি বাধা উপেক্ষা করে দরপত্র জমা দিতে গেলে উত্তেজনার সৃষ্টি হয়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সকাল থেকে আওয়ামী লীগের কর্মীরা সওজ কার্যালয়ের সামনে অবস্থান নেন। এ সময় নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশও সাধারণ ঠিকাদারদের ভেতরে ঢুকতে বাধা দেয়। কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা মাইনুর রহমানের দরপত্র দাখিলের পর বাধা উপেক্ষা করে সরকারি দল সমর্থিত অনেক ঠিকাদার দরপত্র দাখিল করেন। বিএনপি সমর্থিত ঠিকাদার বাবুল তাঁর অভিযোগে জানান, তাঁরা তিনজন ঠিকাদার দরপত্র জমা দিতে গিয়ে তোপের মুখে পালিয়ে আসতে বাধ্য হয়েছেন। সওজের নির্বাহী প্রকৌশলী সামসুদ্দিন আহমেদ জানান, ‘তাঁর কার্যালয়ে কিছুই হয়নি, যা হওয়ার বাইরে হয়েছে। নির্দিষ্ট সময়ে যাঁরা তাঁর কক্ষ পর্যন্ত এসেছেন, তাঁরা সবাই দরপত্র দাখিল করতে পেরেছেন।’