ভোলায় ঠিকাদারদের পাল্টাপাল্টি মামলা
ভোলা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) চার গ্রুপের ২৩ কোটি টাকার উন্নয়নকাজের দরপত্র দাখিলে বাধা ও ছিনতাইয়ের অভিযোগে পাল্টাপাল্টি মামলা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জেলা যুবলীগের আহ্বায়ক এনামুল হক বাদী হয়ে চাঁদাবাজি ও ছিনতাইয়ের অভিযোগে সদর থানায় একটি মামলা করেন। মামলায় জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক ইয়ানুর রহমান মোল্লা ও তাঁর ভাই এরফানুর রহমানের বিরুদ্ধে মামলাটি হয়। এর আগে বুধবার ইয়ানুর রহমান বাদী হয়ে এনামুল হক এবং ভোলা পৌরসভার মেয়র ও জেলা যুবলীগের আহ্বায়ক মো. মনিরুজ্জামানের বিরুদ্ধে ভোলার মুখ্য বিচারিক হাকিমের আদালতে মামলা করেন। পানি উন্নয়ন বোর্ড-১-এর চার গ্রুপের ২৩ কোটি টাকার ব্লক বসানো ও জিও টেক্সটাইল ব্যাগ সাপ্লাই কাজের দরপত্র দাখিলের শেষ দিন ছিল গত সোমবার। অভিযোগ উঠেছে, এ দিন ঠিকাদার এনামুল হকের নেতৃত্বে একদল সন্ত্রাসী নির্বাহী প্রকৌশলীর সামনেই ঠিকাদার ইয়ানুর রহমান ও রাসেল রহমানের ওপর হামলা চালায় ও দরপত্র ছিনিয়ে নেয়। এনামুল হক অভিযোগ অস্বীকার করেছেন।