ভোলায় তরমুজে পচন বিপাকে ১২০০ কৃষক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের প্রায় ৫০০ হেক্টর জমির তরমুজখেতে পচন রোগ দেখা দিয়েছে। ফলে এক হাজার ২০০ চাষির প্রায় ৬২ কোটি টাকা ক্ষতি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।চর করিমুদ্দিনের চাষি মো. নুরুল ইসলাম বলেন, ‘গাছে ফুল আর ফল আওনের পর আচুক্কা (হঠাৎ) বিষ্টি আইলে, আর হের পরেত্তোন আমার ফলন্ত হাছের গোড়ায় ক্যামন পচোন লাগলে, পাতা হুগাই গেলে, গাছ মইর‌্যা যাইতে আছে। এ রোগের নাম কেউ বলে হাউস্যা রোগ, দারাইস্যা রোগ, কেউ বলে, গুডিরোগ, পাতা খিঁচা রোগ, আবার কেউ বলে, গুদ্দা রোগ।’মঙ্গলবার সরেজমিনে দেখা গেছে, গত বছরের তুলনায় এবার ওই এলাকায় তরমুজের আবাদ কম হয়েছে। তবে খেতের সব গাছ ও ফলফুল ব্যাপক হারে পচে যাচ্ছে। তরমুজ গাছের পাতা শুকিয়ে গেছে। তরমুজগুলোর সারা গায়ে গুটি গুটি কালো-হলদে দাগ পড়েছে। তরমুজের ভেতরের অংশ লাল-হলদেসহ বিভিন্ন রং ধারণ করলেও তা শক্ত এবং খাওয়ার অনুপযোগী। আক্রান্ত ফলটি বড় হচ্ছে না এবং অনেক ফল কালো হয়ে শুকিয়ে যাচ্ছে।ভেদুরিয়ার হাজিরহাট চরের চাষি আবদুস শহিদ (৪৫) বলেন, ‘২৫ বছর ধরে তরমুজ চাষ করি। কিন্তু এমন বালাই আর দেখি নাই। এ বছর এক একর ২০ শতাংশ জমিতে তরমুজ চাষ করেছি। এতে খরচ হয়েছে ৬০ হাজার টাকা। কিন্তু এ পর্যন্ত তরমুজ বিক্রি করেছি মাত্র সাত হাজার টাকা। এক মাসের মাথায় গাছে যে পরিমাণ ফল ধরেছিল, রোগ না হলে কমপক্ষে এক লাখ ৭৫ হাজার টাকা বিক্রি করতে পারতাম।’ভেদুরিয়া চর করিমুদ্দিনের কৃষক শাহে আলম হাওলাদার (৫৮) ও ভেলুমিয়া চর গাজীর কৃষক মোশারেফ হোসেন (৬৫) জানান, এক কানি (এক একর ৬০ শতাংশ) জমিতে তরমুজ চাষ করতে খরচ হয় কমপক্ষে ৭৫-৮০ হাজার টাকা। এ জমিতে যদি মাঝারি ফলন হয় তাহলে এক লাখ ৫০ হাজার টাকার তরমুজ বিক্রি করা যায়।কৃষি অফিসের তথ্যমতে, ভোলার এ দুটি ইউনিয়নে এ বছর প্রায় পাঁচ হাজার হেক্টর জমিতে তরমুজের চাষ হয়েছে। এ জমি চাষাবাদে খরচ হয়েছে ৬১ কোটি ৭৫ লাখ টাকা।ভোলা সদর উপজেলা কৃষি কর্মকর্তা জিয়াউল ইসলাম বলেন, ‘এটি আসলে ছত্রাকজাতীয় রোগ। এর নাম ‘সুটরোট’ অর্থাৎ আগামরা বা ডগামরা রোগ। এ রোগ দমনে ক্ষতিগ্রস্ত ডগা কেটে সেই গাছে টিট, নোইন ও কুটবিট কীটনাশক দিতে হয়। কিন্তু কৃষকেরা সঠিক ওষুধ প্রয়োগ করতে না পারায় উপকার পাননি। আমাদের পরামর্শ যাঁরা গ্রহণ করেছেন, তাঁরা ভালো উপকার পেয়েছেন।’