ভোলায় তরমুজের চারা গজাচ্ছে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার ভেলুমিয়া কুঞ্জপট্টি গ্রামের তরমুজচাষি আবদুর রহিম ফরাজী (৬৭) এ বছর ১৬ কৌটা (প্রতি কৌটায় এক শ গ্রাম) বীজ কিনেছেন। এর মধ্যে নয়টি কৌটার বীজে কোনো চারা গজায়নি। তিনি বলেন, ‘গত পৌষ মাসে পরথোম (প্রথম) বিচি লাগাইছি, পাঁচবার বিচি লাগাইয়্যা মাইর খাইছি, এরপর যে চারা গজাইছে হেও দুর্বল। এত দিনে গাছে ফুল আওনের কতা, কিন্তু এইবার গাছ এক আঙুলও লম্বা অয় নাই।’ এতে তাঁর ক্ষতি হয়েছে ৬০ হাজার টাকা। শুধু আবদুর রহিম ফরাজীরই নয়, ভোলার বেশির ভাগ তরমুজচাষিরই এ অবস্থা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মেয়াদোত্তীর্ণ বীজ এবং তীব্র শীতের কারণে তরমুজের চারা গজাচ্ছে না। ভোলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ইউনিয়ন উপসহকারী কৃষি কর্মকর্তা ফখরুল ইসলাম জানান, এবার জেলায় আড়াই হাজার হেক্টরের বেশি জমিতে তরমুজের চাষ করা হয়েছে। পাতা ভেদুরিয়া ইউনিয়নের তরমুজচাষি শহিদুল, কালু, নূর ইসলাম ও আলাউদ্দিন এবং ভেলুমিয়া ইউনিয়নের তরমুজচাষি জাকির হোসেন, জলিল খান, আলাউদ্দিন খান, করিম ফরাজী, আবদুস সালেম, শাহাজান পণ্ডিতসহ অনেকে অভিযোগ করেন, তাঁরা দুই-তিন দফায় বীজ লাগালেও তাতে চারা গজায়নি। তাঁদের অভিযোগ, বিক্রেতারা তাঁদের কাছে নষ্ট বীজ বিক্রি করেছে। ভেলুমিয়া ইউনিয়নের চরগাজী গ্রামের চাষি মো. দুলাল (৪১) জানান, এ বছর অনেক কৃষকের লাগানো বীজ থেকে চারা গজায়নি। এর কারণ হিসেবে তিনি বলেন, অনেক বীজের কৌটায় আসল মেয়াদের সিল ঢেকে দিয়ে নতুন করে মেয়াদের স্টিকার লাগিয়ে কৃষকদের কাছে বিক্রি করা হয়েছে। আর তীব্র শীত তো আছেই। বীজ ডিলার ‘ভোলা বীজভান্ডার’-এর পরিচালক মো. ইসমাইল বলেন, ‘আমরা কোম্পানি থেকে যে বীজ পেয়েছি, তা-ই বিক্রি করেছি। শীতের কারণে অনেক বীজে চারা গজায়নি।’ তবে ভোলা বীজ, সার ও কীটনাশক বিক্রেতা সমিতির সহসভাপতি সুলতান আহাম্মেদ জানান, তিনি শুনেছেন বাজারে মেয়াদোত্তীর্ণ তরমুজের বীজ এসেছে। জেলা কৃষি সম্প্র্রসারণ অধিদপ্তরের উপপরিচালক ও জেলা বীজ ও সার মনিটরিং কমিটির সাধারণ সম্পাদক আফসার আলী খান বলেন, ‘এ বছর তীব্র শীতে (কোল্ড অ্যালার্জি) তরমুজের চারা ঠিকমতো গজায়নি। তা ছাড়া শীতের কারণে চারা কম বাড়তে পারে। তবে বাজারে যদি মেয়াদোত্তীর্ণ বীজ বিক্রি হয়, সেজন্য লিখিত অভিযোগ দিতে হবে; নইলে আমরা ব্যবস্থা নিতে পারব না।’