ভোলায় তরুণ খুন, কালিয়ায় লাশ উদ্ধার
ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের গুচ্ছগ্রামে খোকন নামে এক তরুণ খুন হয়েছেন। এ ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।নিহত খোকনের স্বজনদের ভাষ্যমতে, শুক্রবার দিবাগত রাত একটার দিকে খোকন (২৫) ঘর থেকে বেরিয়ে যান। দেড়টার দিকে পাশের মরিয়ম বিবির (২৫) ঘরে খোকনের চিৎকার শুনে তারা ঘটনাস্থলে গিয়ে দেখে, খোকনকে কুপিয়ে জখম করা হয়েছে। এ সময় সেখানে মরিয়মের ভাই সিরাজুল ইসলাম, আবু সুফিয়ান ও আবদুল জব্বার উপস্থিত ছিলেন। খোকনকে ভোলা সদর হাসপাতালে নেওয়া হলে রাত চারটার দিকে তিনি মারা যান।নিহতের মা সামসুন্নাহার ও ভাই কালু জানান, তাঁদের পরিবারের সঙ্গে মরিয়মের বিরোধ রয়েছে। তাঁরা অভিযোগ করেন, এর জের ধরে মরিয়ম ও তাঁর ভাইয়েরা এ হত্যাকাণ্ড ঘটিয়েছেন। তবে মরিয়ম ও তাঁর ভাই জব্বারের দাবি, গভীর রাতে খোকন ঘরে ঢুকে মরিয়মের শ্লীলতাহানি করলে মরিয়ম বাধ্য হয়ে খোকনকে দা দিয়ে কুপিয়ে জখম করেন।ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাব আলী বলেন, মরিয়ম ও জব্বারকে আটক এবং খুনের আলামত জব্দ করা হয়েছে। খোকনের মা মামলার প্রস্তুতি নিচ্ছেন। নড়াইলের কালিয়া উপজেলার নবগঙ্গা নদীর কুলসুর এলাকা থেকে গত শুক্রবার বিকেলে অজ্ঞাতনামা (২৭) এক তরুণের লাশ উদ্ধার করেছে পুলিশ। কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিয়ার রহমান জানান, লাশের মুখে ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে। তাঁর হাত-পা ও কোমরে ইট বাঁধা ছিল। ধারণা করা হচ্ছে, শত্রুতাবশত তাঁকে কুপিয়ে হত্যা করে লাশ নদীতে ফেলে দেওয়া হয়েছে।