ভোলায় তিন দিন ধরে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনায় কলেজছাত্র নিহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে ভোলার নয়টি সড়কে গতকাল বুধবারও কোনো বাস চলাচল করেনি। একাধিকবার সমঝোতা বৈঠকে বসেও প্রশাসন, বাস মালিক সমিতি ও কলেজ কর্তৃপক্ষ কোনো সমাধানে পৌঁছাতে পারেনি। এতে যাত্রীরা ভোগান্তিতে পড়েছে।গত সোমবার সকাল ১০টায় বোরহানউদ্দিন উপজেলার দালাল বাজার এলাকায় মোটরসাইকেলকে একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে চরফ্যাশন ডিগ্রি কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র, মোটরসাইকেলের চালক রাকিবুল ইসলাম নিহত ও আরোহী ভোলা পলিটেকনিক্যালের চতুর্থ বর্ষের ছাত্র রিয়াজুল ইসলাম গুরুতর আহত হন। এর পরপরই ভোলার নয়টি সড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। গত মঙ্গলবার সকাল ১০টার দিকে চরফ্যাশন ডিগ্রি কলেজের ছাত্ররা বাস মালিক সমিতির ৩০টি বাস ভাঙচুর করেন। চরফ্যাশন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় চক্রবর্তী প্রথম আলোকে জানান, গত সোমবার থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রশাসন, কলেজ কর্তৃপক্ষ ও বাস মালিক সমিতি একাধিকবার সমঝোতা বৈঠকে বসেও কোনো সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি। শেষ খবর পাওয়া পর্যন্ত গতকাল দুপুর দুইটায় সমঝোতা বৈঠক চলছিল। গতকাল ভোলা বাসস্ট্যান্ডে গিয়ে দেখা যায়, বাস চলাচল বন্ধ থাকায় যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন। তাঁরা রিকশা, নসিমনে চড়ে গন্তব্যে যাচ্ছেন। সুযোগ বুঝে রিকশা ও নসিমনের ভাড়াও বাড়িয়ে দেওয়া হয়েছে।তজুমদ্দিন উপজেলার সোনাপুরের যাত্রী লুৎফুর রহমান (৪৬) বলেন, ‘ভোলা জজ কোর্টে হাজিরা দিতে গতকাল ৫৪২ টাকা ভাড়া গুনতে হয়েছে আমাকে।’ যার প্রকৃত ভাড়া ১০০ টাকার বেশি নয় বলে জানান তিনি।