ভোলায় থেমে নেই এমএলএম প্রতিষ্ঠানগুলোর প্রতারণা
ভোলায় তিনটি বহুধাপ বিপণন (এমএলএম) প্রতিষ্ঠান অধিক মুনাফার ফাঁদে ফেলে ওষুধ, ইলেকট্রনিকস ও প্রসাধনসামগ্রী বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছে বলে অভিযোগ উঠেছে।প্রতিষ্ঠান তিনটি হচ্ছে তিয়ানসি ইন্টারন্যাশনাল বাংলাদেশ লিমিটেড, গ্লোবাল নিউওয়ে প্রাইভেট লিমিটেড ও ইলিংশ গ্লোবাল মার্কেটিং লিমিটেড। প্রতিষ্ঠানগুলো গত কয়েক বছরে পরিবেশক ও গ্রাহকদের কাছ থেকে প্রায় নয় কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।ভোলায় বিভিএস হাসপাতাল সড়ক ও নতুন বাজার মসজিদ মার্কেটসহ কয়েকটি এলাকায় তিয়ানসির শাখায় সহস্রাধিক পরিবেশক পণ্য বিক্রির কাজ করছেন। একজন পরিবেশক হওয়ার জন্য কোম্পানিকে দুই হাজার ৫৬ টাকা দিতে হচ্ছে। এ টাকার বিপরীতে প্রতিষ্ঠান নতুন পরিবেশককে এক হাজার ২০০ টাকার পণ্য দেয়।প্রতিষ্ঠানটির নতুন বাজার শাখার পরিবেশক মিলন কান্তি দে বলেন, তাঁদের পণ্যের দাম ৩২০ টাকা থেকে ৭০ হাজার ৮০০ টাকা, যা জনসাধারণের ক্রয়ক্ষমতার বাইরে। এ জন্য তাঁরা পরিবেশক সৃষ্টির মাধ্যমে পণ্য বিক্রি করছেন। তিনি দাবি করেন, পরিবেশক তাঁদের পণ্য ব্যবহার করে যেমন সুস্থ হচ্ছেন, তেমনি কমিশন পেয়ে লাভবানও হচ্ছেন।তিয়ানসির সাবেক পরিবেশক মশিউর রহমান বলেন, ‘আমি ৬০ হাজার টাকার পণ্য কিনেও নতুন পরিবেশক সৃষ্টি করতে পারিনি। পরে কম মূল্যে অপর লোকজনের কাছে ওই পণ্য বিক্রি করে দিয়েছি।’পরিবেশকদের অভিযোগ, পরিবেশক সৃষ্টির নামেই প্রতিষ্ঠান প্রায় ২০ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। পরিবেশকের লাভ বা কমিশন পেতে হলে আরও ৪২ হাজার ৪৭৬ টাকার পণ্য ক্রয় ও নতুন পরিবেশক সৃষ্টি করতে হবে। কিন্তু অনেক পরিবেশক নতুন কর্মী সৃষ্টি করতে না পেরে ক্ষতির শিকার হচ্ছেন। এ ক্ষতির পরিমাণ প্রায় তিন কোটিতে গিয়ে ঠেকেছে। তবে বিভিএস হাসপাতাল সড়ক শাখার প্রধান পরিবেশক জাহিদ হাসান দাবি করেন, বাংলাদেশ ব্যাংকের কোনো অনুমোদন না থাকলেও যৌথ মূলধনি কোম্পানি ও ফার্মগুলোর নিবন্ধকের পরিদপ্তর থেকে তাঁরা অনুমোদন নিয়েছেন। কিন্তু ভোলায় কার্যক্রম চালানোর অনুমতি নেই তাঁদের।ভোলা নতুন বাজার মতিউর রহমান কমপ্লেক্স মার্কেটে গ্লোবাল নিউওয়ের কার্যালয়। এ প্রতিষ্ঠান পরিবেশক ও গ্রাহক সৃষ্টির নামে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নিয়েছে বলে ভোলা সমবায় কার্যালয়ে লিখিত অভিযোগ দিয়েছেন এক পরিবেশক। এর পরিপ্রেক্ষিতে ভোলা সমবায় কার্যালয় একটি তদন্ত কমিটি গঠন করে। কমিটির প্রধান জেলা সমবায় কার্যালয়ের পরিদর্শক মিজানুর রহমান বলেন, প্রতিষ্ঠানটির কোনো বৈধতা নেই।খোঁজ নিয়ে জানা যায়, এ প্রতিষ্ঠানের পরিচালক শহীদুল ইসলাম। এখানে ১৬ হাজার ৫০০ টাকা দিয়ে পরিবেশক হতে হয়। এ টাকার বিপরীতে প্রতিষ্ঠানটি সাড়ে আট হাজার টাকার সামগ্রী দেয়। নতুন পরিবেশক সৃষ্টি করতে পারলে একজনকে ১০ ভাগ কমিশন দেওয়া হয়। প্রতিষ্ঠানটি আমানতও গ্রহণ করে। পরিবেশক আমানতের টাকার ১০ ভাগ কমিশন পান। যিনি আমানত প্রতিষ্ঠানে জমা দেবেন, তিনি বছর শেষে দ্বিগুণেরও বেশি মুনাফা পাবেন। অর্থাৎকেউ এক লাখ টাকা জমা দিলে এক বছর পর দুই লাখ এক হাজার ৬০০ টাকা ফেরত পাবেন। এ মুনাফার লোভে মাত্র কয়েক মাসেই প্রতিষ্ঠানটির ৪০০ গ্রাহক সৃষ্টি হয়।প্রতিষ্ঠানটির পরিচালক শহীদুল ইসলাম গ্রাহকদের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন। তবে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন না থাকার কথা তিনি স্বীকার করেন। ভোলা খলিফাপট্টি মসজিদের দোতলায় ও সার্কুলার সড়কে ইলিংশ গ্লোবাল মার্কেটিংয়ের শাখা ছিল। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের কার্যক্রম গুটিয়ে নিয়েছে। এ প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্রেসলেট বিক্রির নামে প্রায় তিন কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে। গত কয়েক দিন প্রতিষ্ঠানটির কার্যালয়ের দরজায় গ্রাহকদের ভিড় লক্ষ করা গেছে। তাঁদের অভিযোগ, সাড়ে সাত হাজার টাকার বিনিময়ে একটি ব্রেসলেট ক্রয়ের মাধ্যমে পরিবেশক হতে হয়। পরিবেশক নতুন পরিবেশক সৃষ্টি করলে ৫৫০ টাকা কমিশন পাওয়ার কথা। খোঁজ নিয়ে জানা যায়, এভাবে ভোলায় চার থেকে সাড়ে চার হাজার পরিবেশক সৃষ্টির পরে প্রতিষ্ঠানটির লোকজন গা ঢাকা দিয়েছে। প্রতিষ্ঠানটির কর্মকর্তা সাইফুল ইসলাম মুঠোফোনে টাকা আত্মসাতের অভিযোগ অস্বীকার করে বলেন, ‘আমরা পণ্য বিক্রি করে টাকা নিয়েছি। কিন্তু বিধিসম্মত না হওয়ায় আমরা এখন আর এ ব্যবসা করি না।’জেলা সমবায় কর্মকর্তা মো. আলমগীর খান বলেন, কতটি এমএলএম কোম্পানি ভোলায় কাজ করছে তা তাদের জানা নেই। কারণ এসব প্রতিষ্ঠানের তদারকির দায়িত্ব তাদের নয়। তবে বিভিন্ন সময় এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ আসে। লিখিত অভিযোগ পেলে খোঁজ নিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে চিঠি দেওয়া হয়।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ভোলায় কয়টি এমএলএম কোম্পানি প্রতারণা করেছে তা তাঁদের জানা নেই। তবে খুব শিগগিরই প্রতিষ্ঠানগুলোকে আইনের আওতায় আনা হবে।