ভোলায় দরপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ
ভোলায় জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রায় পৌনে তিন কোটি টাকার কাজের দরপত্র দাখিলের শেষ দিনে গতকাল বৃহস্পতিবার এক ঠিকাদারের পে-অর্ডারসহ কাগজপত্র ছিঁড়ে ফেলার অভিযোগ পাওয়া গেছে। দরপত্র ক্রয়কারী ৪৪ জনের মধ্যে ৩৯ জনই অনিয়মের মাধ্যমে পাঁচজন ঠিকাদারকে পুরো কাজটি পাইয়ে দেওয়ার চেষ্টা করছেন বলে অভিযোগ করেছেন। মেসার্স চুন্নু মিয়া নামের লাইসেন্সধারী প্রতিষ্ঠানের ঠিকাদার সিরাজুল ইসলাম খান অভিযোগ করে বলেন, গত বুধবার দিবাগত রাতে ভোলা নতুন বাজারে এক ঠিকাদারের কার্যালয়ে প্রভাবশালী কয়েকজন ঠিকাদারের অংশগ্রহণে সমঝোতা বৈঠক হয়। বৈঠকে পাঁচজন প্রভাবশালী ঠিকাদারের পুরো কাজটি ভাগাভাগি করে নেওয়ার সিদ্ধান্ত হয়। তিনি বলেন, ‘তাঁদের ওই সিদ্ধান্ত উপেক্ষা করে আমি গতকাল দরপত্র দাখিল করলে ওই ঠিকাদারপক্ষ আমার দরপত্রসহ পে-অর্ডার ছিঁড়ে ফেলে।’আরেক ঠিকাদার নিজাম উদ্দিন শিকদারও দরপত্র তফসিল কেনা সত্ত্বেও জমা দেননি বলে জানান।এদিকে, পুরো কাজটি পাঁচজন ঠিকাদারকে পাইয়ে দেওয়ার ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছেন ভোলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী আবদুল মজিদ। তিনি বলেন, এ ধরনের কোনো পরিকল্পনা হয়নি এবং কোনো দরপত্র ছিঁড়ে ফেলার ঘটনাও ঘটেনি।