ভোলায় দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ
ভোলার লালমোহন উপজেলায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) প্রায় সাত কোটি টাকার কাজের দরপত্র জমাদানে বাধা দেওয়ার অভিযোগ উঠেছে। অন্যদিকে গতকাল সড়ক ও জনপথের (সওজ) ১৩ কোটি টাকার কাজের দরপত্র বিক্রির শেষ দিনে একটিও বিক্রি হয়নি।এলজিইডি সূত্রে জানা গেছে, লালমোহন উপজেলা পরিষদের ভবন নির্মাণের জন্য প্রায় সাত কোটি টাকার দরপত্র আহ্বান করা হয়। গতকাল ছিল দরপত্র দাখিলের শেষ দিন।প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে, ওই দরপত্র জমা নিয়ে গতকাল জেলা এলজিইডির কার্যালয়ে ক্ষমতাসীন আওয়ামী লীগ সমর্থক দুই ঠিকাদার পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় ঠিকাদার রেজভী-লিয়ন পক্ষ ও ইকবাল পক্ষ মুখোমুখি অবস্থান নেয়। ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স গুলজার এন্টারপ্রাইজের পক্ষে ভোলা উকিলপাড়া এলাকার আরিফুর রহমান ও মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, গতকাল সকাল সাড়ে নয়টার দিকে তাঁরা এলজিইডির নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে দরপত্র জমা দিতে গিয়ে দেখেন, লালমোহন উপজেলার কালমা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আক্তার হোসেনের ভাই ইকবাল হোসেন ও তাঁর লোকজন। তাঁদের বাধায় তখন দরপত্র জমা দিতে না পেরে ফিরে যান। পরে বেলা সাড়ে ১১টার দিকে আবার দরপত্র জমা দিতে গিয়ে দেখেন, দরপত্রের বাক্স রাখার কক্ষে তালা। তাঁরা প্রভাব খাটিয়ে এলজিইডির লোকজনকে ‘হাত’ করে দুপুর ১২টার আগেই ওই কক্ষে তালা লাগিয়ে দেন। এ কারণে তাঁরা শিডিউল কিনেও দরপত্র জমা দিতে পারেননি। আরিফুর ও মিজানুর অভিযোগ করেন, ইকবাল পক্ষের প্রভাবে অনেকে দরপত্র কিনতে পারেননি। অভিযোগ অস্বীকার করে ইকবাল হোসেন বলেন, তিনি টেন্ডারবাজির সঙ্গে জড়িত নন। আরিফুর ও মিজানুর উল্টো তাঁকে প্রাণনাশের হুমকি দিয়েছেন। এলজিইডির নির্বাহী প্রকৌশলী প্রভাষ কুমার বিশ্বাস প্রথম আলোকে বলেন, ভোলা কার্যালয়ে কোনো দরপত্র জমা পড়েনি। কাউকে বাধাও দেওয়া হয়নি। অভিযোগকারী ঠিকাদার নির্ধারিত সময়ের পরে এসেছেন। তাই দরপত্র জমা দিতে পারেননি।এলজিইডির লালমোহন উপজেলা প্রকৌশলী রেজাউল করিম বলেন, ঢাকা, বরিশাল ও ভোলা এলজিইডি অফিস থেকে কী পরিমাণ শিডিউল বিক্রি হয়েছে, তা তাঁর জানা নেই। তবে তাঁর দপ্তর থেকে তিনটি শিডিউল বিক্রি হয়েছে এবং ওই তিনটিই জমা পড়েছে।এদিকে ভোলা-চরফ্যাশন আন্তমহাসড়কের পাশে মাটি ফেলার জন্য সাতটি গুচ্ছে প্রায় ১৩ কোটি টাকার কাজের দরপত্র বিক্রির শেষ দিন ছিল গতকাল। ঠিকাদার রাকিবুল হাসান অভিযোগ করেন, ভোলায় বিক্রি হয় না এমন দুটি পত্রিকায় দরপত্রের বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে।ঠিকাদার জাকির হোসেন ও জাকিরুল আলম জানান, শিডিউল পাওয়ার জন্য গত রোববার তাঁরা সওজের নির্বাহী প্রকৌশলী ও জেলা প্রশাসক বরাবর আবেদন করেন। কিন্তু গতকাল পর্যন্ত তাঁরা কিনতে পারেননি।জেলা প্রশাসক খোন্দকার মোস্তাফিজুর রহমান বলেন, ‘আমি ই-মেইলে একটি আবেদন পেয়েছি। কিন্তু সরাসরি কোনো আবেদন পাইনি।’