ভোলা পানি উন্নয়ন বোর্ড (পাউবো)-২-এর প্রায় সাড়ে তিন কোটি টাকার খাল খনন ও বাঁধ সংস্কারকাজের দরপত্র তফসিল নির্ধারিত স্থানে কিনতে পাওয়া যাচ্ছে না বলে অভিযোগ করেছেন সাধারণ ঠিকাদারেরা। পাউবো-২ অফিস সূত্রে জানা গেছে, গত ২৮ ডিসেম্বর ভোলার চরফ্যাশন, তজুমদ্দিন, মনপুরা ও লালমোহন উপজেলার ১৯টি গ্রুপে প্রায় তিন কোটি ৪০ লাখ টাকার বাঁধ সংস্কার ও খাল খনন কাজের দরপত্র আহ্বান করা হয়। ৮ জানুয়ারি থেকে ২৪ জানুয়ারি পর্যন্ত দরপত্র বিক্রির সময়সীমা নির্ধারণ করা হয়। ৮ জানুয়ারি থেকে জনতা ব্যংকের ভোলা আলীনগর ও চরফ্যাশন শাখা এবং বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে দরপত্র তফসিল বিক্রি শুরু হয়েছে। মামুন এন্টার প্রাইজ, মেসার্স এম রহমান কনস্ট্রাকশন, মো. শহিদুল্লাহ, মো. সেলিম জমাদ্দার, মো. রাসেলসহ একাধিক ঠিকাদার ও ঠিকাদারি প্রতিষ্ঠান জানান, চরফ্যাশনের একদল টেন্ডারবাজ ওই কাজ বাগিয়ে নেওয়ার পাঁয়তারা করছে। এ জন্য তারা টেন্ডার-প্রক্রিয়া গোপন রাখার চেষ্টা করছে। টেন্ডাবাজদের সহায়তা করছেন পাউবোর কিছু কর্মকর্তা। তাঁরা বিক্রির জন্য ৮ জানুয়ারি মাত্র কয়েক সেট দরপত্র নির্ধারিত স্থানে পাঠিয়ে সঙ্গে সঙ্গে টেন্ডারবাজদের দিয়ে সেগুলো ক্রয় করিয়েছেন। ওই দিন অন্যরা দরপত্র কিনতে গেলে ব্যাংক থেকে বলা হয়, ‘দরপত্র বিক্রি হয়ে গেছে।’ এর পর থেকে গতকাল রোববার পর্যন্ত আর কোনো দরপত্র কিনতে পাওয়া যায়নি। জনতা ব্যাংক আলীনগর শাখার ব্যবস্থাপক খান আল মাসুদ বলেন, ‘৮ জানুয়ারি প্রতি গ্রুপের পাঁচটি করে দরপত্র দিয়েছিল। তা ওই দিনই বিক্রি হয়ে গেছে। আমরা চাওয়া সত্ত্বেও আর কোনো দরপত্র দেয়নি।’ জনতা ব্যাংক চরফ্যাশন শাখার ব্যবস্থাপক গণেশ চন্দ্র দাস বলেন, ‘আমরা গতকাল পর্যন্ত কোনো দরপত্র পাইনি।’ বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয় সূত্রে জানা গেছে, সেখানে মাত্র তিন সেট দরপত্র দেওয়া হয়েছিল। তা ওই দিনই বিক্রি হয়ে গেছে।পাউবো-২-এর নির্বাহী প্রকৌশলী এস এম আতাউর রহমান প্রথম আলোকে বলেন, ‘আমরা চরফ্যাশনের জনতা ব্যাংকে প্রতি গ্রুপের ১০টি, ভোলায় পাঁচটি ও বরিশাল বিভাগীয় কমিশনার কার্যালয়ে তিনটি করে মোট ১৮ সেট দরপত্র বিক্রির জন্য পাঠিয়েছি। সেগুলো বিক্রি হলে আবার পাঠাব। কিন্তু বিক্রি হয়েছে কি না, তা আমাদের জানানো হয়নি।’ ভোলা পাউবোর তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মোশারেফ হোসেন একই ধরনের কথা বলেন। তবে দরপত্র তফসিল কেনাবেচা নিয়ে কোথায় কী হচ্ছে, তিনি তা জানেন না।