ভোলায় দুই সাংবাদিকের ওপর ইউপি চেয়ারম্যানের হামলার অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার শিবপুর ইউনিয়নে কর্তব্য পালনকালে সাংবাদিকদের ওপর ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন রাকিবের নেতৃত্বে হামলার অভিযোগ পাওয়া গেছে। গতকাল সোমবার দুপুরে এ হামলার ঘটনা ঘটে। এ সময় সাংবাদিকদের কাছ থেকে একটি ক্যামেরা ও একটি মুঠোফোন ছিনিয়ে নেওয়ারও অভিযোগ উঠেছে। এ ঘটনায় ইউপি চেয়ারম্যান সিরাজসহ সাতজনকে আসামি করে ভোলা সদর থানায় এজাহার দাখিল করা হয়েছে। হামলাকারীদের আটক ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন ভোলা প্রেসক্লাবের নেতারা। এজাহারের সংক্ষিপ্ত বিবরণী থেকে জানা যায়, গতকাল দুপুরে শিবপুর ইউনিয়নের রতনপুর মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রধান শিক্ষক জাকির হোসেন তালুকদারের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে শিক্ষার্থী ও এলাকাবাসী মানববন্ধন ও বিক্ষোভ করছিলেন। সাংবাদিকেরা ওই মানববন্ধন ও বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে বৈশাখী টিভির সাংবাদিক, সময় টিভির ক্যামেরাম্যান ও স্থানীয় দৈনিক পরিবর্তন-এর ফটোসাংবাদিক হামলার শিকার হন। সন্ত্রাসীদের হাতে লাঞ্ছিত সময় সংবাদ টিভির ক্যামেরাম্যান ও স্থানীয় দৈনিক পরিবর্তন-এর ফটোসাংবাদিক উৎপল দেবনাথ জানান, প্রধান শিক্ষক জাকির হোসেনের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভের খবর সংগ্রহ করতে গেলে ওই প্রধান শিক্ষকের পক্ষের ইউপি চেয়ারম্যান সিরাজ তাঁর ক্যাডারদের নিয়ে হামলা চালান। এ সময় এলোপাতাড়ি পিটিয়ে উৎপল দেবনাথকে আহত করা হয়। তাঁর কাছ থেকে একটি প্যানাসনিক থ্রি সিসিডি ভিডিও ক্যামেরা ও নাইকন (ডি-সেভেনট্রি) অ্যাসেলার ক্যামেরা ছিনিয়ে নেয় সন্ত্রাসীরা। হামলার ঘটনা অন্য সাংবাদিকদের জানানোর চেষ্টা করলে তাঁর মুঠোফোনটিও ছিনিয়ে নেওয়া হয়। এ সময় বৈশাখী টিভির সাংবাদিক হোসাইন সাদীকেও লাঞ্ছিত করা হয়। পরে এলাকাবাসী এসে দুই সাংবাদিককে উদ্ধার করেন। এদিকে চেয়ারম্যান সিরাজ সাংবাদিককে মারধর কিংবা ক্যামেরা ছিনতাইয়ের অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন। প্রধান শিক্ষক জাকির হোসেনও তাঁর বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেন। তা ছাড়া তিনিও সাংবাদিকদের ওপর কেউ হামলা করেনি বলে দাবি করেন। তবে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক প্রত্যক্ষদর্শী সাংবাদিকদের ওপর হামলা ও ক্যামেরা-মুঠোফোন ছিনতাইয়ের ঘটনা স্বীকার করেছেন। ভোলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোবাশ্বির আলী জানান, ইউপি চেয়ারম্যানসহ সাতজনকে আসামি করে এজাহার দাখিল করা হয়েছে। তদন্ত করে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।এদিকে ভোলা প্রেসক্লাব মিলনায়তনে তাৎক্ষণিক এক প্রতিবাদ সভায় ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানিয়েছেন সাংবাদিকেরা। সভায় বক্তব্য দেন মুহাম্মদ শওকাত হোসেন, সামস উল আলম, মো. হুমায়ুন কবির, আহাদ চৌধুরী, এম এ বারী, নাসির লিটন, সাহাদত শাহিন প্রমুখ।