ভোলায় দুজন খুন, গ্রেপ্তার ২
ভোলা সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে গতকাল বুধবার এক ব্যক্তি খুন হয়েছেন। গত মঙ্গলবার চরফ্যাশন উপজেলায় যৌতুক না পেয়ে এক গৃহবধূকে তাঁর স্বামী পিটিয়ে হত্যা করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে।সদর উপজেলার আলীনগর ইউনিয়নের চর সিফুলী গ্রামে জসিম উদ্দিনের (৩২) সঙ্গে তাঁর চাচাতো ভাই হাসান মীরের জমি নিয়ে বিরোধ চলছিল। এর জের ধরে গতকাল সকালে জসিমের সঙ্গে হাসানের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হাসান ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জসিমকে হত্যা করে। ঘটনার পর পুলিশ হাসান ও তাঁর ভাতিজা সবুজকে আটক করেছে। এ ঘটনায় সদর থানায় হত্যা মামলা করা হয়েছে।সদর থানার ভারপ্রাপ্ত কর্মর্কতা (ওসি) মাহাবুবুর রহমান জানান, হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।গতকাল সকালে পুলিশ চরফ্যাশন উপজেলার চর তোফাজ্জল গ্রামের ইউসুফ সরদারের বাড়ি থেকে তাঁর স্ত্রী শাহিনুর বেগমের (১৯) লাশ উদ্ধার করেছে। শাহিনুরের বড় বোন হনুফা বেগম জানান, আট মাস আগে ইউসুফ সরদারের সঙ্গে শাহিনুরের বিয়ে হয়। বিয়ের পর ইউসুফ সরদার ৩০ হাজার টাকা যৌতুক দাবি করেন। এ টাকার জন্য শাহিনুরের ওপর প্রায়ই নির্যাতন চালানো হতো। যৌতুক না পেয়েই ইউসুফ তাঁর বোনকে মঙ্গলবার রাতে পিটিয়ে হত্যা করেছেন। চরফ্যাশন থানার উপপরিদর্শক সফিকুল ইসলাম জানান, লাশের মাথা ও গলায় আঘাতের চিহ্ন আছে।