ভোলায় দুজনকে হত্যা কুষ্টিয়ায় লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলায় গত বুধবার পৃথক ঘটনায় এক গৃহবধূকে গলা কেটে এবং এক কিশোরকে পানিতে ফেলে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার কুষ্টিয়ার সদর উপজেলার একটি কলাবাগান থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী ব্যক্তিদের বিবরণ অনুসারে, তজুমদ্দিনের সোনাপুর ইউনিয়নের মধ্য-চর জহিরুদ্দিন এলাকার খোরশেদ আলমের মেয়ে আকলিমা ও পাশের মলংচড়া ইউনিয়নের সেলিম বাজার এলাকার মো. রিয়াজ (২০) গত জুনে নিজেদের পছন্দে বিয়ে করেন। বিয়ের পর থেকে আকলিমা স্বামীর বাড়িতেই থাকতেন। তবে তাঁদের মধ্যে বনিবনা হচ্ছিল না।
বুধবার রাতে রিয়াজ চার-পাঁচজনকে সঙ্গে নিয়ে আকলিমাকে এলোপাতাড়ি কোপান ও একপর্যায়ে গলা কেটে তাঁকে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।
একই দিন দুপুরের দিকে চাঁদপুর ইউনিয়নের কেয়ামুল্যাহ গ্রামের আবদুল বারেক মাস্টার বাড়ির নুরে আলমের ছেলে সাকিল (১০) ও পাশ্ববর্তী বাড়ির আবদুল মোনাফের ছেলে রাকিবের মধ্যে বাসন ভাঙ্গার চরে গরুর ঘাস কাটা নিয়ে কথা-কাটাকাটি হয়। পরে সন্ধ্যার দিকে সাকিল আলু কিনতে বাড়ি থেকে বের হয়। হাওলাদার বাড়ির দরজায় সামনে পৌঁছালে রাকিব কয়েকজন বন্ধুকে সঙ্গে নিয়ে সাকিলকে মারধর করে। একপর্যায়ে তাকে পুকুরে ফেলে দেওয়া হয়। খবর পেয়ে চাচা মো. ফারুক পুকুর থেকে অচেতন অবস্থায় সাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এদিকে কুষ্টিয়া সদর উপজেলার শান্তিডাঙ্গা গ্রামের একটি কলাবাগান থেকে হালিম (৩২) নামের এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। লাশের গলায় চিকন রশি প্যাঁচানো ছিল। হালিম শান্তিডাঙ্গা গ্রামের গনজের মুন্সির ছেলে। পেশায় তিনি দিনমজুর ছিলেন।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সকালে ওই বাগানে যুবকের লাশ পড়ে থাকতে দেখে লোকজন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
ইসলামী বিশ্ববিদ্যালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনির উদ্দীন বলেন, মামলার প্রস্তুতি চলছে।