ভোলায় দুস্থ নারীরা তিন মাস পরও ভিজিডির চাল পাননি
নির্ধারিত সময়ের তিন মাস পরও ভোলার সাত উপজেলার দুস্থ নারীরা ভিজিডির চাল পাননি। ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানরা উপকারভোগীদের তালিকা তৈরিতে বিলম্ব করায় এ সমস্যার সৃষ্টি হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ নীতিমালা অনুযায়ী জানুয়ারি মাস থেকেই তাঁদের চাল পাওয়ার কথা।জেলা মহিলাবিষয়ক কার্যালয় সূত্রে জানা গেছে, ভোলার সাত উপজেলার ১২ হাজার ৭৭৬ জন দুস্থ নারী ভিজিডির কার্ড পাবেন। প্রত্যেক কার্ডধারী প্রতি মাসে ৩০ কেজি করে ২৪ মাস চাল বা গম পাবেন। সরকারি নীতিমালা অনুযায়ী ২০১২ সালের ১৫ অক্টোবরের মধ্যেই উপকারভোগীদের তালিকা তৈরি করে ১৫ ডিসেম্বরের মধ্যে কার্ড বিতরণ করা এবং জানুয়ারি থেকে চাল বিতরণ করার কথা ছিল।গত মঙ্গলবার সদর উপজেলার বালিয়াকান্দি গ্রামের কোহিনুর বেগম, ইয়ানুর বেগম; দক্ষিণ চরপাতা গ্রামের তহুরা বিবি, সুরমা বেগম ও জায়েদা জানান, ইউপি থেকে তাঁদের মধ্যে চাল বিতরণ করা হয়নি।লালমোহন উপজেলা নির্বাহী র্কমর্কতা (ইউএনও) জাকির হোসেন বলেন, ‘ইউপি চেয়ারম্যানরা তালিকা জমা দেননি। এ জন্য খাদ্যশস্যের ছাড়পত্র দিইনি।’দৌলতখানের ইউএনও মুরশিদুল ইসলাম জানান, উপজেলা চেয়ারম্যান বিদেশ সফরে থাকায় মাসিক সভা হয়নি। মাসিক সভা ছাড়া ভিজিডির ছাড়পত্র অনুমোদন করা যায় না। তজুমদ্দিনের ইউএনও খায়রুল ইসলাম বলেন, ‘সাংসদ, উপজেলা চেয়ারম্যানকে নালিশ করেও সঠিক সময়ে চেয়ারম্যানদের কাছ থেকে তালিকা পাচ্ছি না।’চরফ্যাশনের ইউএনও নুর-ই-এলাহী ও বোরহানউদ্দিনের ইউএনও জাকির হোসেন জানান, তালিকা পাওয়ার পর খাদ্যশস্যের ছাড়পত্র দেওয়া হয়েছে। তবে এখন পর্যন্ত উপকারভোগীদের মধ্যে তা বিতরণ করা হয়নি। সদর উপজেলার রাজাপুর ইউপির চেয়ারম্যান রেজাউল হক দাবি করেন, ২০১২ সালের ২১ ডিসেম্বর উপজেলা পরিষদে সভা ডেকে ২৯ ডিসেম্বরের মধ্যে উপকারভোগীদের তালিকা জমা দিতে বলা হয়। চেয়ারম্যানরা এত অল্প সময়ে তালিকা জমা দিতে রাজি হননি। এ কারণে সময় বাড়িয়ে ৭ জানুয়ারির মধ্যে তালিকা জমা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। তালিকা তৈরিতে বিলম্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে রেজাউল হক বলেন, ‘ইউপি সদস্য, আওয়ামী লীগের দুই পক্ষের নেতা, মুক্তিযোদ্ধা, বিরোধীদলীয় সাংসদ ও আমার অলিখিত কোটা পূরণ করতেই তালিকা জমা দিতে বিলম্ব হয়েছে। উপকারভোগীদের কার্ড চলতি মাসের সোমবার হাতে পেয়েছি। সেই কার্ডে সই করিয়ে উপকারভোগীর হাতে পৌঁছাতে আরও ১০-১২ দিন লাগবে। তারপর চাল বিতরণ করা হবে।’ লালমোহন উপজেলার লর্ডহার্ডিঞ্জ ইউপির চেয়ারম্যান আবুল কাশেম জানান, প্রশিক্ষণে থাকায় তালিকা তৈরিতে বিলম্ব হচ্ছে। চরফ্যাশন উপজেলার কলমী ইউপির চেয়ারম্যান রেজাউল করীম হাওলাদার বলেন, ‘আমরা সঠিক সময়ে তালিকা মহিলা অধিদপ্তরে পাঠিয়েছি। কিন্তু ছাড়পত্রের নির্দেশ হয়েছে চলতি মাসে।’জেলা মহিলাবিষয়ক কার্যালয়ের উপপরিচালক জেবুন নেছা বলেন, মূলত চেয়ারম্যানদের কারণে ভিজিডির চাল বিতরণে বিলম্ব হচ্ছে। খাদ্যশস্যের ছাড়পত্র হওয়ার পরও চাল বিতরণ করা হচ্ছে না। এ ব্যাপারে শাস্তিমূলক কোনো ব্যবস্থা নেওয়ার বিধান নেই। তা ছাড়া অনেক সময় মন্ত্রণালয় থেকে চিঠি আসে বিলম্বে। যেমন, জানুয়ারিতে চাল বিতরণ করার কথা থাকলেও খাদ্যের ছাড়পত্র দেওয়া হয়েছে ফেব্রুয়ারির শেষ দিকে। অন্যদিকে কয়েকটি উপজেলায় ইউএনওরা ছাড়পত্র দিলেও চেয়ারম্যান চাল তুলছেন না।