ভোলায় ধানখেতে ছেনি পোকার আক্রমণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলার দুটি ইউনিয়নে প্রায় পাঁচ হাজার হেক্টর জমির ধানগাছে ছেনি পোকার আক্রমণ দেখা দিয়েছে। কৃষকেরা বলছেন, আবহাওয়ার পরিবর্তনের কারণে পোকা বেড়েছে। কীটনাশকে কাজ হচ্ছে না। তাঁদের আশঙ্কা, পোকার আক্রমণের কারণে ফলন অর্ধেকে নেমে আসবে।সদর উপজেলা কৃষি কর্মকর্তা সামসুল ইসলাম চৌধুরী বলেন, ছেনি পোকার আক্রমণ দমনে কীটনাশক প্রয়োগে তেমন ভালো ফল পাওয়া যায় না। যদি খেতের মধ্যে পর্যাপ্ত গাছের ডাল পোঁতা হয়, তবে শতভাগ কীট দমন হবে। কিন্তু কৃষকেরা তা করছেন না। তিনি জানান, একটি পোকা ধানগাছে ২৫০ থেকে ৩০০ ডিম পাড়ে। ওই ডিম থেকে পোকা জন্মে একসময় খেত ভরে যায়। কৃষকেরা যদি খেতে ডাল পোঁতেন, তাহলে পাখি এতে বসে কীট খেয়ে ফেলে।উপজেলার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়নের কৃষকেরা বলছেন, তাঁরা এ ধরনের পরামর্শ কখনো পাননি। গত মঙ্গলবার ভেলুমিয়া ও ভেদুরিয়া ইউনিয়ন ঘুরে প্রায় প্রতিটি খেতে কমবেশি পোকার আক্রমণ লক্ষ করা গেছে। কৃষকেরা বলছেন, এই দুই ইউনিয়নের অন্তত পাঁচ হাজার হেক্টর জমির ধানে ছেনি পোকা আক্রমণ করেছে। তবে কোনো খেতে গাছের ডাল পোঁতা দেখা যায়নি।ভেলুমিয়ার চরগাজী গ্রামের মিলন মাতব্বর জানান, তিনি ৬০ শতাংশ জমিতে ধানের আবাদ করেছেন। শিষ আসার পর থেকে পোকা আক্রমণ শুরু করেছে। একই গ্রামের মাইনুদ্দিন বলেন, তিনি চার একর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছেন। ছেনি পোকার আক্রমণে তাঁর ফসল শেষ হয়ে গেছে।চরগাজী গ্রামের কৃষক ইউসুফের দুই একর, আবুল বাশারের দুই একর, আবুল কালামের ৮০ শতাংশ, রহিজুল মিয়ার ৫৬ শতাংশসহ ৬ নম্বর ওয়ার্ডের ২০০ একর জমির ধানগাছে পোকা আক্রমণ করেছে। দুই ইউনিয়নের অর্ধশতাধিক কৃষক জানান, বৃষ্টি কম হচ্ছে। আবহাওয়া প্রতিকূলে হওয়ায় পোকার আক্রমণ বেড়েছে। এ কারণে ফলন অর্ধেকে নেমে আসবে। অনেক খেতে ফসল একেবারেই হবে না।