ভোলায় নদী থেকে সাত জেলেকে অপহরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার তজুমদ্দিন উপজেলার মাঝের চরের আশপাশে মেঘনা নদী থেকে গত বৃহস্পতিবার রাতে সাতটি নৌকা থেকে সাত জেলেকে অপহরণ করে মুক্তিপণ দাবি করেছে জলদস্যুরা।
তবে তজুমদ্দিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সুলতান মাহমুদ বলেন, কোনো জেলে বা নৌকার মালিক তাঁদের কাছে এ ব্যাপারে অভিযোগ করেননি।
ওই সব নৌকার মালিকেরা জানান, গত বৃহস্পতিবার রাত ১২টার দিকে তজুমদ্দিনের চর জহিরুদ্দিন ও সোনাপুর এলাকার মেঘনায় জলদস্যু রুবেল বাহিনী টিপু দালাল, জামাল পাটওয়ারী, আবদুল খালেক, আলমগীর মাঝির নৌকাসহ সাতটি নৌকায় হামলা চালায়। একেকটি নৌকায় সাতজন করে জেলে ছিলেন। এ সময় দস্যুরা নৌকাগুলোর মাঝি আবদুল মতিন (২৪), জাহাঙ্গীর আলম (৩৫), সফি মাঝি (৩০), মহিউদ্দিন (২৮), রুহুল আমীন (৩৫), মারুফ (২০) ও জাহাঙ্গীরকে (৪০) অপহরণ করে একটি মুঠোফোন নম্বর দিয়ে যান এবং অপহরণ করা জেলেপ্রতি ৫০ হাজার টাকা ওই নম্বরে পাঠাতে বলেন।
অপহরণের শিকার জেলেদের পরিবারগুলো বলছে, পুলিশকে জানালে দস্যুরা পণের টাকার পরিমাণ বাড়িয়ে দেবে। এ কারণে তাঁরা বিষয়টি পুলিশকে জানাননি।