ভোলায় নদীজুড়ে অবৈধ জাল, ধরা পড়ছে মাছের পোনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলার মেঘনা, তেঁতুলিয়া, ইলিশা ও বুড়িগৌরাঙ্গ নদীতে ছোট ফাঁকের অসংখ্য অবৈধ জাল পেতে মাছের পোনা শিকার করছেন জেলেরা। অথচ বর্তমানে জাটকা সংরক্ষণ মৌসুম (নভেম্বর-মে) চলছে। জেলেরা বলছেন, নদী থেকে অবৈধ জাল উৎখাত করলেই জাটকা সংরক্ষণ করা সম্ভব; লাখ লাখ টাকা খরচ করার দরকার নেই।৬ জানুয়ারি সরেজমিনে দেখা গেছে, চারটি নদীর অর্ধশতাধিক ডুবোচরে হাজারো অবৈধ জালে বিভিন্ন মাছের পোনা, জাটকাসহ ছোট ছোট মাছ ধরা চলছে। সদর উপজেলার বিশ্বরোডের মাথা এলাকার অমিত দাস, নাছির মাঝি ঘাটের রফিকুল ইসলাম, দৌলতখানের মাঝিরহাট ঘাটের সলিমুল্যাহ, বোরহানউদ্দিনের গঙ্গাপুরের আবুল মাঝি, চরফ্যাশনের ঢালচরের জোবায়েরসহ বেশ কয়েকজন জেলে জানান, বেহুন্দি জাল, মশারি জাল, খরছি জাল, পাইজাল, কারেন্ট জাল, পিটানো জাল, খুঁটি জালসহ বিভিন্ন অবৈধ জাল নদীতে পাতা হচ্ছে। এসব জালে কোরাল, পাঙাশ, ভেটকি, পোয়া, আইড়, বাটা, রিঠা, বোয়াল ও চিংড়ির পোনা, জাটকাসহ বিভিন্ন মাছ ধরা পড়ছে। আইন প্রয়োগকারীরা নদীতে অভিযানে নামার আগেই জেলেরা অভিযানের খবর পেয়ে যান। এ কারণে অনেক অবৈধ জাল জব্দ হয় না।জাতীয় মৎস্যজীবী সমিতির ভাইস চেয়ারম্যান ফজলুল কাদের ও ভোলা জেলা কমিটির সাধারণ সম্পাদক আবুল কাশেম বলেন, এসব অবৈধ জালের মালিকেরা প্রভাবশালী। তাঁদের চিহ্নিত করে আইনের আওতায় নেওয়া উচিত। ভোলা সদর উপজেলা ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি এরশাদ আলী বলেন, অবৈধ জালে নদী সয়লাব হয়ে গেছে।দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন মেঘনায় অবৈধ জাল দিয়ে মাছের বংশ ধ্বংস করার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘এসব জাল জব্দে অভিযান চালানোর জন্য আইন প্রয়োগকারী সংস্থা ও প্রশাসনের সহায়তা পাচ্ছি না।’জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ কুমার মল্লিক বলেন, ‘আমরা ইতিমধ্যে কয়েকবার অভিযান চালিয়ে বেশ কিছু অবৈধ জাল জব্দ করেছি। আইন প্রয়োগকারীদের অভিযান চালাতে বলা হচ্ছে।’ভোলার পুলিশ সুপার বশির আহমঞ্চদ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের কমান্ডার সেলিম রেজা বলেন, আইন প্রয়োগকারী সংস্থা অবৈধ জাল পাতা বন্ধে বদ্ধপরিকর। তারা নিয়মিত নদীতে অভিযান চালাচ্ছে।