‘অতিথি ও দেশি প্রজাতি পাখির প্রজনন ও বিচরণক্ষেত্র নষ্ট হচ্ছে। পাখির প্রজনন ও বিচরণক্ষেত্রে বসবাস করতে শুরু করেছে গরু-মহিষ আর মানুষ, এটা অশনিসংকেত।’ কথাগুলো বলছিলেন উপকূলীয় জলচর পাখিশুমারি দলের প্রধান পাখি পর্যবেক্ষক ইনাম আল হক। গত শুক্রবার রাতে ভোলা খেয়াঘাটে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।ইনাম আল হক বলেন, তাঁরা আট দিনে (১৩ থেকে ২০ জানুয়ারি) ১৩২ জাতের ৩১ হাজার ৯৬৫টি পাখি দেখেছেন। এর মধ্যে অতিথি জলচর পাখি ৬৫ জাতের, যার সংখ্যা ছিল ২১ হাজার ৮৪৯। বাকি ৬৭টি দেশি প্রজাতির, যার সংখ্যা ১০ হাজার ১১৬। জলচর হাঁস প্রজাতির পাখির মধ্যে ছিল সিঁথিহাঁস, চখাচোখি প্রভৃতি। এর সংখ্যা ছিল নয় হাজার ৭৫৮। জলচর সৈকত, জিরিয়া ও বাটান জাতের পাখির মধ্যে ছিল কাদাখোঁচা, বুলিন্দা, চেগা, টিটি প্রভৃতি; এর সংখ্যা ছিল ১২ হাজার ৯১। আর দেশি প্রজাতির পাখির মধ্যে ছিল বক, শামুকভাঙা, গাঙচিল, পানকৌড়ি প্রভৃতি। ইনাম আল হক আরও বলেন, এ বছর কাস্পিয়ান চিল, পানিচিল ও চখাচোখি কম দেখা গেছে; খুন্তেহাঁস পাখির দেখাই মেলেনি। আবার রাজহাঁস ও কাস্তেচড়া (কালো মাথা) পাখির জাত বেশি দেখা গেছে। সিঁথিহাঁসের সংখ্যাও বেড়েছে। তিনি আক্ষেপ করে বলেন, সাগর মোহনা ও মেঘনা-তেঁতুলিয়ার মাঝে জেগে ওঠা চরগুলো অতিথি ও দেশি প্রজাতি পাখির প্রধান প্রজনন ও বিচরণক্ষেত্র। এই প্রজননক্ষেত্রে এখন মানুষ শত শত গরু-মহিষ চরাচ্ছে। বন কেটে ট্রাক্টর দিয়ে জমি চাষাবাদ করছে। এই চাষাবাদে ব্যবহূত হচ্ছে সার-কীটনাশক। কীটনাশক খেয়ে পাখি মারা যাচ্ছে। বিশেষ করে নিঝুম দ্বীপের পাশে দমার চর, চর শাহাজাল অতিথি পাখির সবচেয়ে বড় বিচরণ ও প্রজননক্ষেত্র। সেখানে বিকট শব্দে ট্রাক্টর চলছে। হাজার হাজার গরু-মহিষ চরানো হচ্ছে। ১৩ জানুয়ারি সকালে পাখি গণনার উদ্দেশ্যে ‘উপকূলীয় জলচর পাখিশুমারি দলের’ নৌকাটি ভোলা সদর উপজেলার খেয়াঘাট থেকে ভোরে ছেড়ে যায়। দলের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন পাখি পর্যবেক্ষক ও পর্বতারোহী এম এ মুহিত। দলে আরও ছিলেন ড. এস এম এ রশিদ, ইশরাত জেবিন, তানিয়া খান, মুনির আহমেদ, ইন্দ্রনীল কিশোর, আফতাবুর রহমান ও এনায়েত হোসেন।এ বিষয়ে উপকূলীয় বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মিজানুর রহমান প্রথম আলোকে বলেন, উপকূলীয় অঞ্চলের শ্বাসমূলীয় বন উজাড় হওয়ায় শুধু পাখির প্রজনন ও বিচরণক্ষেত্র নষ্ট হচ্ছে তা নয়, উপকূলীয় অঞ্চলকে বিপদের মুখে ঠেলে দেওয়া হচ্ছে। ঘন ঘন দুর্যোগ মোকাবিলায় এই বন পাহাড়ের মতো উপকারী। বন ক্ষতিগ্রস্ত হলে এই অঞ্চলে মাছের হাহাকার দেখা দেবে। কিন্তু বন রক্ষায় কেউ এগিয়ে আসছে না।