ভোলায় নসিমনের চাপায় এসএসসি পরীক্ষার্থী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা সদর উপজেলায় গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নসিমন চাপায় মোটরসাইকেল আরোহী জাভেদ ওমর নামে ১৬ বছরের এক কিশোর নিহত হয়েছে। সে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থী।

জাভেদের বাড়ি শহরের পৌরকাঠালী এলাকায়। বাবার নাম মো. জসিম উদ্দিন। সে ভোলা টাউন মাধ্যমিক বিদ্যালয়ে পড়ত।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পুলিশ বলছে, জাভেদ বিশ্বরোড দিয়ে মোটরসাইকেলে করে ভোলা খেয়াঘাটে যাচ্ছিল। আলীনগর চৌমহনী এলাকায় বিপরীত দিক থেকে আসা গাছবোঝাই একটি নসিমন তাকে চাপা দিয়ে চলে যায়। এতে জাভেদ মাথায় ও বুকে প্রচণ্ড আঘাত পায়। স্থানীয়রা এসে তাকে উদ্ধার করে ভোলা সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বলেন, নসিমনটি আটক করা হয়েছে। তবে চালককে পাওয়া যায়নি।