ভোলায় নিখোঁজ ব্র্যাক কর্মকর্তার লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় নিখোঁজ হওয়ার তিন দিন পর বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের কর্মকর্তা মো. মাইনুল হোসেনের (৩৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। রংপুরের পীরগঞ্জের এক বিএনপি নেতাকে নিখোঁজ হওয়ার চার দিন পর অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। এর আগে রাজধানীতে নিখোঁজ হওয়া চার ব্যক্তির সন্ধান এখনো মেলেনি।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, গত বৃহস্পতিবার সকালে ব্র্যাকের কর্মকর্তা মো. মাইনুল হোসেন বাসা থেকে কাজে বের হন। ওই দিন বেলা তিনটা পর্যন্ত মুঠোফোনে পরিবারের সঙ্গে তাঁর যোগাযোগ ছিল। তারপর আর খোঁজ মেলেনি। দুই দিন পর, শনিবার মাইনুলের স্ত্রী রুনু বেগম অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ভোলা সদর থানায় একটি অপহরণ মামলা করেন। গতকাল রোববার দুপুরে ইলিশাখালী খাল থেকে পুলিশ তাঁর লাশ উদ্ধার করে।

ভোলা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির প্রথম আলোকে বলেন, ময়নাতদন্তের জন্য লাশটি ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

নিহত মাইনুলের বাড়ি ঝালকাঠিতে। তিনি ভোলার পশ্চিম ইলিশা ইউনিয়নে ব্র্যাকের কর্মসূচি সংগঠক (মাঠকর্মী) হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে নিখোঁজ হওয়ার চার দিন পর রংপুরের পীরগঞ্জ উপজেলা বিএনপির কার্যকরী পরিষদের সদস্য নায়েব আলী আকন্দকে (৪০) উদ্ধার করা হয়েছে।

গতকাল সন্ধ্যায় মিঠাপুকুর উপজেলার বালুয়া মাসিমপুর এলাকা থেকে অক্ষত অবস্থায় পুলিশ তাঁকে উদ্ধার করেছে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম।

নায়েব আলীর উদ্ধৃতি দিয়ে ওসি প্রথম আলোকে বলেন, রংপুরের মিঠাপুকুরের শাল্টি এলাকার মোসলেম বাজারের কাছে ৬ সেপ্টেম্বর দুপুরের দিকে চার-পাঁচজন দুর্বৃত্ত নায়েব আলী আকন্দের মোটরসাইকেলের পথ রোধ করে। তাঁকে একটি মাইক্রোবাসে তোলার পর চোখ বেঁধে ফেলে। তাঁর মোটরসাইকেলটিও মাইক্রোবাসে তোলা হয়। এরপর অজ্ঞাত স্থানে নিয়ে চোখের বাঁধন খুলে দিলে তিনি দেখতে পান, একটি ঘরের মধ্যে তাঁকে আটকে রাখা হয়েছে। দুর্বৃত্তরা সেখানেই আটকে রেখে তাঁর ফেসবুক আইডির পাসওয়ার্ড জানতে চান। এ সময় তিনি কান্নাকাটি শুরু করেন। গতকাল বেলা তিনটার দিকে দিনাজপুরের ফুলবাড়ী থানার পাশে তাঁকে মোটরসাইকেলসহ ফেলে রেখে দুর্বৃত্তরা পালিয়ে যায়। সেখান থেকে তিনি মোটরসাইকেলে চড়ে মিঠাপুকুরে আসেন। তবে দুর্বৃত্তরা কোনো মারধর করেনি বলে তিনি পুলিশকে জানিয়েছেন।

ওসি রেজাউল করিম বলেন, নায়েব আলীর বক্তব্য যাচাই-বাছাই করে দেখা হচ্ছে। তিনি এখনো পুলিশি হেফাজতে আছেন।

পারিবারিক সূত্র জানায়, ৬ সেপ্টেম্বর সকালে পীরগঞ্জের নিজ বাড়ি থেকে মোটরসাইকেলে চড়ে রংপুরের বিআরটিএ কার্যালয়ে যাওয়ার উদ্দেশে বাড়ি থেকে বের হন নায়েব আলী। এরপর থেকে তিনি নিখোঁজ ছিলেন।

এদিকে গত তিন সপ্তাহেও রাজধানী থেকে নিখোঁজ হওয়া ব্যবসায়ী, রাজনৈতিক নেতাসহ চার ব্যক্তির সন্ধান মেলেনি। পরিবারের অভিযোগ, এই চারজনকে রাজধানীর বিভিন্ন স্থান থেকে তুলে নেওয়া হয়েছে। নিখোঁজ ব্যক্তিরা হলেন বাংলাদেশে বেলারুশের অনারারি কনসাল ও ব্যবসায়ী অনিরুদ্ধ কুমার রায়, ব্যবসায়ী ও বিএনপির নেতা সৈয়দ সাদাত, ২০-দলীয় জোটের শরিক কল্যাণ পার্টির মহাসচিব আমিনুর রহমান এবং কানাডার ম্যাকগিল বিশ্ববিদ্যালয়ের ছাত্র ইশরাক আহম্মেদ।

এই চারজন গত ২২ থেকে ২৭ আগস্ট পৃথকভাবে গুলশান, বনানী, ধানমন্ডি ও পল্টন এলাকা থেকে নিখোঁজ বা তাঁদের তুলে নেওয়ার অভিযোগ রয়েছে। গতকাল রাতে গুলশান, ক্যান্টনমেন্ট, পল্টন ও ধানমন্ডি থানার ওসিদের সঙ্গে যোগাযোগ করা হলে তাঁরা প্রথম আলোকে বলেন, নিখোঁজ ব্যক্তিদের অবস্থান সম্পর্কে তাঁরা এখনো কিছুই জানতে পারেননি।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়েছেন ভোলা ও বদরগঞ্জ (রংপুর) প্রতিনিধি]