ভোলায় নির্বাচনী সহিংসতা ৩০০টি গুলিবিনিময় শতাধিক আহত
ভোলার মনপুরা উপজেলায় গতকাল রোববার ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গণনা নিয়ে প্রার্থীদের লোকজন ও জলদস্যুদের সঙ্গে পুলিশ ও কোস্টগার্ডের সদস্যদের ব্যাপক সংঘর্ষ হয়েছে। এ সময় কমপক্ষে ৩০০টি গুলিবিনিময় হয়। এ ঘটনায় নিরাপত্তা বাহিনীর সদস্যসহ শতাধিক মানুষ আহত হয়েছে। পুলিশের দাবি, তাদের দুটি অস্ত্র খোয়া গেছে। তারা আটক করেছে ১০ জনকে। রাত ১০টায় এ প্রতিবেদন লেখার সময়ও গোলাগুলি চলছিল।জানা গেছে, মনপুরা উপজেলার উত্তর সাকুচিয়া ও দক্ষিণ সাকুচিয়া ইউনিয়নে গতকাল নির্বাচন হয়েছে। উত্তর সাকুচিয়া ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের মাস্টারহাট রেজিস্টার্ড প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে প্রথমবার ভোট গণনা শেষে সদস্যপ্রার্থী মো. শাহাবুদ্দিন ৩৫২ ভোট এবং নুরুল ইসলাম পান ৩৫১ ভোট। নুরুল ইসলামের দাবির মুখে আরও ছয়বার ভোটে গণনা করা হয়। পরে নুরুল ইসলামকে এক ভোটে বিজয়ী ঘোষণা করেন প্রিসাইডিং কর্মকর্তা মো. ইউসুফ। কিন্তু বিজয়ীর নাম ঘোষণা করতে দেরি হওয়ায় ততক্ষণে প্রশাসনের কর্মকর্তা ও পুলিশ সদস্যদের লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ শুরু করে নুরুল ইসলামের লোকজন। পুলিশ এ সময় লাঠিপেটা করলে নুরুল ইসলামের লোকজনের সঙ্গে সংঘর্ষ বেধে যায়। এ সময় নুরুল ইসলামের লোকজনের সঙ্গে যোগ দেয় ওই ইউনিয়নের পরাজিত চেয়ারম্যান প্রার্থী রাশেদ মোল্লার লোকজন এবং জলদস্যু মুন্সিয়া ও বাশার বাহিনীর সদস্যরা।ভোলা জেলা এসপি মো. বশির আহম্মেদ রাত নয়টার দিকে বলেন, এখনো গোলাগুলি চলছে। ছিনতাই হয়েছে দুটি অস্ত্র।