ভোলায় নিষিদ্ধ জলসীমায় চলছে মা-ইলিশ নিধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান সত্ত্বেও ভোলার নিষিদ্ধ জলসীমানায় দিন-রাত ডিমওয়ালা মা-ইলিশ নিধন হচ্ছে। এসব ইলিশ বিভিন্ন নৌ ও সড়কপথে ভোলার বাইরে যাচ্ছে। অভিযোগ রয়েছে, আইনশৃঙ্খলা বাহিনী ডিমওয়ালা ইলিশ ধরে ছেড়ে দিচ্ছে। কোস্টগার্ড, মৎস্য কার্যালয় ও জেলা প্রশাসন সূত্র জানায়, সম্প্রতি অভিযান চালিয়ে দুই লাখ মিটার কারেন্ট ও সুতার জাল নদীতে পাতা অবস্থায় জব্দ করা হয়েছে। এ ছাড়া ভোলার বাইরে পাঠানোর সময় আড়াই টন ডিমওয়ালা ইলিশ আটক করা হয়েছে, পরে সেগুলো নিলামে বিক্রি ও এতিমখানায় বিলিয়ে দেওয়া হয়েছে।জেলা মৎস্য কার্যালয় সূত্র জানায়, সাগর মোহনা ও মেঘনা-তেঁতুলিয়ার চারটি পয়েন্টের আওতায় সাত হাজার কিলোমিটার জলসীমানায় সব ধরনের ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এ চারটি পয়েন্ট হচ্ছে উত্তর-পূর্ব সায়েরখালী বা হাইতকান্দি পয়েন্ট (মীরেশ্বরাই), তজুমদ্দিন উপজেলার উত্তর সৈয়দ আউলিয়া পয়েন্ট, দক্ষিণ-পূর্ব, উত্তর কুতুবদিয়া বা গন্ডামারা পয়েন্ট ও দক্ষিণ-পশ্চিম লতা-চাপলী (কলাপাড়া) পয়েন্ট। এ জলসীমানার মধ্যে পুরো অক্টোবর মাস ঝাঁকে ঝাঁকে ছোট-বড় মা-ইলিশ সাগর থেকে নদীতে ডিম ছাড়তে আসে। গত ১৪ অক্টোবর রাত ১২টা থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে। খোঁজ নিয়ে জানা যায়, দৌলতখান, বোরহানউদ্দিন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরার মেঘনার বিভিন্ন মাছঘাটে ইলিশ ক্রয়-বিক্রয় চলছে। মা-ইলিশ নিধন বন্ধ অভিযান প্রস্তুতিমূলক সভায় বরফকল, মৎস্য আড়ত বন্ধ রাখার কথা থাকলেও বরফ কলগুলো রাতের আঁধারে খোলা রাখা হচ্ছে। দৌলতখান উপজেলার পাতাল খাল মৎস্য অবতরণ কেন্দ্রের জেলে জাফর মাঝি (৩৪), তজুমদ্দিন উপজেলার শশীগঞ্জ স্লুইসঘাটের জেলে জাহাঙ্গীর মাঝি (৪৫) অভিযোগ করেন, প্রতিদিন রাতে শত শত জেলে মা-ইলিশ নিধন করছেন। ভোরে ওই মাছ ট্রলারে ভোলার বাইরে পাঠানো হচ্ছে।ভোলার ইলিশা বিশ্ব রোডের মাথাঘাটের জেলেরা জানান, মা-ইলিশ পরিবহন নিষিদ্ধ হলেও গত শুক্রবার এমভি সান্দ্রা লঞ্চে ৯৪ ঝুড়ি মাছ ঢাকায় গেছে। ভোলা ইলিশা তদন্ত কেন্দ্রের দায়িত্বে থাকা উপরিদর্শক (এসআই) মো. সুলতানসহ একদল পুলিশ ওই মাছ জব্দ করে আবার ছেড়ে দিয়েছে। তবে মো. সুলতান দাবি করেন, মাছমালিকদের কাছে দৌলতখান মৎস্য কর্মকর্তার অনুমতিপত্র থাকায় মাছ ছেড়ে দেওয়া হয়।জেলা মৎস্য কর্মকর্তা প্রীতিশ চন্দ্র মল্লিক ও দৌলতখান উপজেলা মৎস্য কর্মকর্তা মো. কামাল বলেন, গত শুক্রবার পর্যন্ত জাল ধরা ও মা-ইলিশ ধরা অভিযান একটু শিথিল ছিল। কারণ, অধিকাংশ ধরা মাছ তার আগের দিনের। গত শনিবার থেকে অভিযান জোরদার করা হয়েছে। জেলা প্রশাসক মো. মেসবাহুল ইসলাম ও পুলিশ সুপার মো. বশির আহমেদ বলেন, মা-ইলিশ নিধন বন্ধে কঠোর অভিযান চলছে।